স্বপ্নপূরণের আগেই নিভে গেল প্রাণ, বাইক দুর্ঘটনায় আইইউবি শিক্ষার্থী শাওনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৪ জুন) : উচ্চশিক্ষার জন্য আগামী ৩০ জুন পাড়ি জমানোর কথা ছিল অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু একটি নির্মম সড়ক দুর্ঘটনা কেড়ে নিল তরুণ শিক্ষার্থী আরাফাত রহমান শাওনের (২০) জীবন, থমকে গেল তার সব স্বপ্ন।

গত রবিবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায় এক মোটরবাইক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

নিহত শাওন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি গাজীপুরের বড় দেওড়া আনসার আলী রোড এলাকার স্থায়ী বাসিন্দা হলেও পরিবারের সাথে রাজধানীর হাতিরঝিলের মধুবাগে বসবাস করতেন। বাবা-মায়ের একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারটিতে এখন চলছে শোকের মাতম।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ফকিরাপুল এলাকায় শাওন মোটরবাইক দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর জখম হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাত ১২টা ১০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাত্র কয়েকদিন পর যার বিদেশে উড়াল দেওয়ার কথা ছিল, তার এমন আকস্মিক ও মর্মান্তিক বিদায়ে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

শাওনের বন্ধু আলিফ জানান, রাতে আর্জেন্টিনার ফুটবল খেলা দেখার জন্য বন্ধুরা মিলে দুটি মোটরসাইকেলে ওয়ারীর উদ্দেশে রওনা হয়েছিলেন। ফকিরাপুল পানির ট্যাংকির সামনে পৌঁছালে শাওনের মোটরসাইকেলের সামনে এক পথচারী হঠাৎ চলে আসেন। তাকে রক্ষা করতে গিয়ে শাওন মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। এতে শাওন ও শাহজাহান নামের ওই পথচারী  দুজনই গুরুতর আহত হন। পিছনে থাকা অন্য মোটরসাইকেলে ছিলেন বন্ধু আলিফ।

ঘটনাস্থল থেকে আলিফ স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদেরকে ঢাকা মেডিকেলে নেন। ঢাকা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। ছেলের এমন অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন মা সুলতানা আক্তার। তিনি আহজারি করে বলেন, আট দিন পর বিদেশে যাওয়ার কথা ছিল তার, সব প্রস্তুতি শেষ। অথচ আজ সে আমাদের ছেড়ে চলে গেল।

ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়। দুর্ঘটনায় আহত পথচারী শাহজাহানের অবস্থাও আশঙ্কাজনক এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ