তেহরানের সাথে শান্তিচুক্তি ভেস্তে দিতে পারেন নেতানিয়াহু: মার্কিন গোয়েন্দা সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২০ জুন) : ইরানের সাথে চলমান শান্তি প্রক্রিয়ার ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। তাদের আশঙ্কা, নিজের রাজনৈতিক স্বার্থে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই শান্তিচুক্তি নস্যাৎ করে দিতে পারেন। লেবাননে ইসরায়েলের সামরিক আগ্রাসন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষোভ প্রকাশের খবরের মাঝেই গোয়েন্দাদের এই চাঞ্চল্যকর পূর্বাভাস সামনে এলো।

সম্প্রতি কাতারের দেওয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমান উদ্বোধনের সময় ওয়াশিংটনে ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেন, ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক চমৎকার। নেতানিয়াহু একজন যোদ্ধা প্রধানমন্ত্রী এবং এই কৃতিত্ব তাঁর প্রাপ্য।”

তবে অন্য এক সাক্ষাৎকারে কিছুটা রসিকতার ছলে ট্রাম্প সতর্কবার্তা দিয়ে বলেন, “নেতানিয়াহুর সাথে সম্পর্ক ভালো হলেও, তাঁকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা জরুরি। অবশ্য তাঁরা আমাকে সমীহ করেন এবং আমার কথা শোনেন।”

ভেতরের খবর হলো, লেবাননে ইসরায়েলি হামলার কারণে ইরানের সাথে আমেরিকার শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। এই ঘটনায় গত ১ জুন এক ফোনালাপে নেতানিয়াহুর ওপর চরম ক্ষোভ ঝাড়েন এবং কড়া ভাষায় তিরস্কার করেন ডোনাল্ড ট্রাম্প।

গোয়েন্দা সতর্কবার্তা ও যুদ্ধবিরতি:

‘দ্য ওয়াশিংটন পোস্ট’-এর একটি প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা ট্রাম্প প্রশাসনকে স্পষ্ট জানিয়েছে যে, নেতানিয়াহু এই শান্তিচুক্তির পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারেন। চলতি বছরের শেষ নাগাদ ইসরায়েলে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফলে নিজের রাজনৈতিক ক্ষমতা টিকিয়ে রাখতে নেতানিয়াহু লেবানন থেকে সেনা না সরিয়ে, হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে চান।

এদিকে, তীব্র উত্তেজনার মধ্যেই গত শুক্রবার আমেরিকা ও কাতারের মধ্যস্থতায় ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে। তবে তেল আবিবের শর্ত—হিজবুল্লাহ আক্রমণ বন্ধ রাখলেই কেবল তারা এই যুদ্ধবিরতি মানবে।

উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে এবং স্থায়ী সমাধানের লক্ষ্যে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন। সূত্র: এনডিটিভি

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ