একদলীয় শাসনের যেকোনো চেষ্টা হিমালয়ের মতো প্রতিরোধ করবে জনগণ : জামায়াত আমির
নিজস্ব প্রতিবেদক (নারায়ণগঞ্জ), এবিসিনিউজবিডি, (১৯ জুন) : দেশে নতুন করে একদলীয় শাসন কায়েমের যেকোনো অপচেষ্টা এ দেশের মানুষ কখনোই বরদাশত করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি স্পষ্ট ভাষায় বলেন, জনগণের আকাঙ্ক্ষাকে তোয়াক্কা না করে জোর জবরদস্তির শাসন কায়েম করতে চাইলে দেশের সাধারণ মানুষই হিমালয়ের মতো অটল প্রতিরোধ গড়ে তুলবে।
শুক্রবার (১৯ জুন) বেলা সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের মাসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মহানগর জামায়াত আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান তাঁর বক্তব্যে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট স্মরণ করে বলেন, “আজকের রাজনৈতিক বাস্তবতা জুলাই আন্দোলনের শহীদদের রক্ত ও পঙ্গুত্ববরণকারীদের ত্যাগের ফসল। এই অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই; তেমনটি করা হলে তা হবে জাতির সাথে চরম বিশ্বাসঘাতকতা।”
বর্তমান প্রশাসনের বিভিন্ন কার্যক্রমের তীব্র সমালোচনা করে জামায়াত আমির অভিযোগ করেন, কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষপদ, ইসলামী ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়গুলোতে যোগ্যদের সরিয়ে দলীয় অনুগতদের বসানো হচ্ছে। এসব পদক্ষেপ দেশে প্রকারান্তরে একদলীয় ব্যবস্থারই আবহ তৈরি করছে। তিনি স্মরণ করিয়ে দেন, ইতিহাস সাক্ষী—একদলীয় শাসন কখনোই টেকসই হয়নি।
সংসদে বিরোধী দলকে অবমূল্যায়ন করার সংস্কৃতির নিন্দা জানিয়ে তিনি বলেন, অতীতে আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষকে কটু আক্রমণ করত, বর্তমানে বিএনপির ভাষাতেও সেই একই প্রবণতা দেখা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার চর্চা থাকা জরুরি।
ঘোষিত জাতীয় বাজেট নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, কেবল বিশাল বাজেট পেশ করলেই হবে না, এর সফল বাস্তবায়নই আসল চ্যালেঞ্জ। দুর্নীতি ও অপচয় রোধ করতে না পারলে সাধারণ মানুষ এর সুফল পাবে না।
নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজের সঙ্গে বৈঠকের সূত্র ধরে ডা. শফিকুর রহমান জানান, স্থানীয় ব্যবসায়ীরা বর্তমানে চাঁদাবাজি ও চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি অনতিবিলম্বে ব্যবসা-বাণিজ্যের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের দাবি জানান।
গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জনগণের রায়কে সম্মান জানানোই গণতন্ত্রের মূল কথা। গণভোটে যেসব সংস্কার প্রস্তাব অনুমোদন পেয়েছে, তা বাস্তবায়নে সরকারের শতভাগ আন্তরিক হওয়া উচিত। নির্বাচন-পরবর্তী সময়ে সরকারের একজন উপদেষ্টার মন্তব্য জনগণের রায় ও গণতান্ত্রিক চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছে উল্লেখ করে তিনি সরকারকে সতর্ক করেন।
সাম্প্রতিক সাধারণ নির্বাচন নিয়ে জামায়াত আমির দাবি করেন, নানা প্রতিকূলতার মাঝেও জনগণ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। তবে ভোট গণনা ও ফলাফল প্রকাশে আরও স্বচ্ছতা থাকলে তাঁদের জোট আরও ভালো ফলাফল করত।
একসময়ের ‘প্রাচ্যের ড্যান্ডি’ খ্যাত নারায়ণগঞ্জের গৌরব পুনরুদ্ধারে শিল্প ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি জেলাটিকে সন্ত্রাস ও প্রভাবশালী সিন্ডিকেটের দখলমুক্ত করার আহ্বান জানান তিনি। সবশেষে বিরোধীদের উদ্দেশ্যে বলেন, মিথ্যাচার বা অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করা যাবে না, কারণ মানুষ এখন কথার চেয়ে কাজের মূল্যায়ন বেশি করে।
নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের আমির মাওলানা আবদুল জব্বারের সভাপতিত্বে এবং সেক্রেটারি ইঞ্জিনিয়ার মনোয়ার হোসাইনের সঞ্চালনায় এই কর্মী সম্মেলনে দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
