সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা: প্রাথমিক শিক্ষকদের বিরুদ্ধে কঠোর অ্যাকশনে অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৯ জুন) : ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের সিদ্ধান্ত, প্রতিষ্ঠান বা ভাবমূর্তি ক্ষুণ্নকারী পোস্ট ও আপত্তিকর মন্তব্যের বিরুদ্ধে এবার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। নিয়মের তোয়াক্কা না করে যারা এ ধরনের কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন, সেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের দ্রুত শনাক্ত করে জরুরি ভিত্তিতে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা এক জরুরি পরিপত্রে এই কঠোর বার্তা দেওয়া হয়।
নির্দেশিকায় যা বলা হয়েছে:
- নীতিমালা মানা বাধ্যতামূলক: মন্ত্রিপরিষদ বিভাগ কর্তৃক প্রণীত ‘সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নির্দেশিকা-২০১৯ (পরিমার্জিত সংস্করণ)’ মেনে চলা দেশের প্রতিটি সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য আইনি বাধ্যবাধকতা।
- আচরণবিধি লঙ্ঘন: সরকারের কোনো সিদ্ধান্ত বা দপ্তরের বিরুদ্ধে অপপ্রচার, বিভ্রান্তিকর তথ্য ছড়ানো, কটূক্তি করা কিংবা এ জাতীয় কোনো পোস্টে লাইক-শেয়ার দেওয়াও সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী সরাসরি ‘অসদাচরণ’ হিসেবে গণ্য হবে।
- শাস্তির বিধান: এ ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে ‘সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা, ২০১৮’ অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সাম্প্রতিক সময়ে কিছু শিক্ষকের সামাজিক যোগাযোগমাধ্যমের কার্যক্রম প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ও সরকারের সামগ্রিক ভাবমূর্তিকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
শিক্ষকদের অনলাইন কর্মকাণ্ডের ওপর সার্বক্ষণিক নজরদারির জন্য মাঠ পর্যায়ের মনিটরিং কমিটিগুলোকে আরও সক্রিয় হওয়ার তাগিদ দেওয়া হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের এই কমিটিগুলোকে প্রতি মাসে অন্তত একটি পর্যালোচনা সভা করার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি, অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে কী ধরনের আইনি বা বিভাগীয় ব্যবস্থা নেওয়া হলো, তার বিস্তারিত প্রতিবেদন দ্রুত অধিদপ্তরে পাঠানোর জন্য বিভাগীয় উপপরিচালক, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মাহবুবা আইরিন। দেশের সব শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে ইতিমধ্যেই এই নির্দেশনা সংবলিত চিঠি পাঠানো হয়েছে।
মনোয়ারুল হক/
