আমদানি নীতি সংশোধন: বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে উচ্চপর্যায়ের মন্ত্রিসভা কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৬ জুন) : দেশের আমদানি ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও যুগোপযোগী করতে ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়া পরিমার্জনের উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্য পূরণে একটি উচ্চপর্যায়ের চার সদস্য বিশিষ্ট বিশেষ মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়।

নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বাণিজ্যমন্ত্রী। কমিটির বাকি তিন সদস্য হলেন— পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী; প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী; এবং কৃষি ও মৎস্য-প্রাণিসম্পদ মন্ত্রী।

কমিটির প্রধান দায়িত্ব হবে ‘আমদানি নীতি আদেশ, ২০২৬-২০২৯’-এর খসড়া পর্যালোচনা ও প্রয়োজনীয় পরিমার্জন করে সরকারের কাছে সুপারিশ প্রদান করা।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, কমিটি প্রয়োজনে অতিরিক্ত সদস্য কো-অপ্ট করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আয়োজন করবে।

এছাড়া কমিটির সকল প্রশাসনিক ও সাচিবিক সহায়তা প্রদান করবে বাণিজ্য মন্ত্রণালয়।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) মো. হুমায়ুন কবির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের আমদানি ব্যবস্থাপনা, বাণিজ্যিক কার্যক্রম এবং অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন আমদানি নীতি আরও যুগোপযোগী ও কার্যকর করার পথ সুগম হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ