পরিচালনা পর্ষদ বিলুপ্ত করে ইসলামী ব্যাংকের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), আলোকিত সময়, (১৪ জুন) : দেশের অন্যতম শীর্ষ ও বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’-এর পরিচালনা পর্ষদ পুরোপুরি ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এক আকস্মিক ও বড় সিদ্ধান্তে ব্যাংকটির চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করা হয়েছে। একই সঙ্গে ব্যাংকের যাবতীয় নীতি নির্ধারণী ক্ষমতা ও পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে।

রবিবার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’-এর ৪৫ এবং ৪৭(৩) ধারার আওতায় অর্পিত ক্ষমতাবলে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সাধারণ আমানতকারীদের আমানতের নিরাপত্তা, ব্যাংকের সার্বিক স্বার্থ রক্ষা এবং জনস্বার্থ বিবেচনা করেই বর্তমান পরিচালনা পর্ষদকে অপসারণের এই সিদ্ধান্ত।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনই ইসলামী ব্যাংকের পর্ষদের যাবতীয় ক্ষমতা ও দায়িত্ব এককভাবে সামলাবেন।

কেন্দ্রীয় ব্যাংকের এই নজিরবিহীন পদক্ষেপের সুনির্দিষ্ট কোনো কারণ বিজ্ঞপ্তিতে সরাসরি উল্লেখ করা হয়নি। তবে ব্যাংকিং খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের আর্থিক লেনদেন, তারল্য সংকট এবং গ্রাহকসেবা নিয়ে বাজারে যে নানা গুঞ্জন ও উদ্বেগ তৈরি হয়েছিল—তা দূর করতেই কেন্দ্রীয় ব্যাংক সরাসরি এর নিয়ন্ত্রণ নিজের হাতে নিল।

শীঘ্রই ব্যাংকটির ভবিষ্যৎ পরিচালনা কাঠামো এবং নতুন পরিচালনা পর্ষদ গঠনের ব্যাপারে বাংলাদেশ ব্যাংক পরবর্তী রূপরেখা ঘোষণা করবে বলে জানা গেছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ