ইউএইতে গ্রেফতার সাবেক আইজিপি বেনজীরকে দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৪ জুন) : দুর্নীতির পাহাড় গড়া সাবেক পুলিশ প্রধান বেনজীর আহমেদের টালবাহানার দিন শেষ হতে চলেছে। এবার সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আইনপ্রয়োগকারী সংস্থার জালে ধরা পড়েছেন পুলিশের এই সাবেক মহাপরিদর্শক (আইজিপি)।
আজ রোববার (১৪ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক জরুরি বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বন্দি বেনজীরকে দ্রুততম সময়ে দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া অলরেডি শুরু হয়ে গেছে।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, গত ১২ জুন আরব আমিরাতের ‘ডিরেক্টরেট জেনারেল অব ফেডারেল ক্রিমিনাল পুলিশ’ এবং ‘ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি) আবুধাবি’ থেকে একটি অফিশিয়াল ই-মেইল আসে বাংলাদেশ সরকারের কাছে। সেই বার্তাতেই বেনজীর আহমেদকে গ্রেফতার ও দেশটির হেফাজতে রাখার বিষয়টি ঢাকাকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আরব আমিরাতের ফেডারেল আইন অনুযায়ী, গ্রেফতারের দিন থেকে পরবর্তী ৩০ দিনের মধ্যে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বন্দি প্রত্যর্পণের (Extradition) আবেদন দাখিল করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে আশ্বস্ত করে বলেন, এই নির্ধারিত সময়সীমার মধ্যেই যাবতীয় আইনি নথিপত্র প্রস্তুত করে প্রত্যর্পণের আবেদন পাঠানোর জন্য দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলো জোর কদমে কাজ করে যাচ্ছে। চোর পালালে বুদ্ধি বাড়ে—এই প্রবাদকে বুড়ো আঙুল দেখিয়ে এবার বেনজীরকে কাঠগড়ায় দাঁড় করাতে প্রশাসন পুরোপুরি প্রস্তুত।
বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে দণ্ডবিধির বিভিন্ন ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং বাংলাদেশ পাসপোর্ট অর্ডার, ১৯৭৩-এর আওতায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
তিনি জানান, বেনজীর আহমেদকে গ্রেফতারের জন্য পুলিশ সদর দপ্তরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো (এনসিবি), ঢাকা ইন্টারপোলের কাছে প্রয়োজনীয় আবেদন করেছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ১১ এপ্রিল ইন্টারপোল বেনজীর আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করে। রেড নোটিশের মাধ্যমে ইন্টারপোল সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের কাছে তাকে শনাক্ত ও গ্রেফতারের অনুরোধ জানায়।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এনসিবি ঢাকা ইতোমধ্যে ইন্টারপোল চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় সমন্বয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে। একইসঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় মামলা, গ্রেফতারি পরোয়ানা ও তদন্ত-সংক্রান্ত নথিপত্র প্রস্তুত করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণ প্রস্তাব প্রস্তুত ও অনুমোদনের কাজ সম্পন্ন করবে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ইউএই কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিক এক্সট্রাডিশন রিকুয়েস্ট পাঠানো হবে।
এসব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবুধাবির সঙ্গে এনসিবির সমন্বয়ের মাধ্যমে বেনজীর আহমেদকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনা বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি বাংলাদেশ পুলিশের একটি ঐতিহাসিক সাফল্য। এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হয়ে আসার পথে দেশ আরও একধাপ এগিয়ে যাবে। একইসঙ্গে জাতিকে আমরা আশ্বস্ত করতে চাই যে, অপরাধী যত শক্তিশালীই হোক না কেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়।
তিনি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জবাবদিহিমূলক বিচারব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এ ঘটনা বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
মনোয়ারুল হক/
