দুবাইয়ে ইন্টারপোলের জালে সাবেক আইজিপি বেনজীর

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি,  (১৪ জুন) : অবশেষে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আন্তর্জাতিক পুলিশ সংস্থা (ইন্টারপোল)-এর সহযোগিতায় দুবাই পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে।

আজ রবিবার (১৪ জুন) দুপুরে পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি জানান, গত ১২ জুন ইন্টারপোলের পক্ষ থেকে একটি চিঠির মাধ্যমে বেনজীর আহমেদকে গ্রেপ্তারের বিষয়টি ঢাকাকে অবহিত করা হয়।

উল্লেখ্য, ২০২৪ সালের ডিসেম্বরে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের বিরুদ্ধে পৃথক চারটি মামলা দায়ের করে দুদক। এসব মামলায় তাদের বিরুদ্ধে ৭৪ কোটি টাকারও বেশি মূল্যের অবৈধ সম্পত্তির মালিকানা ও তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

পরবর্তীতে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি দুদকের আবেদনের ভিত্তিতে আদালত বেনজীর আহমেদকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে ‘রেড নোটিশ’ জারির নির্দেশ দেন। এরপর ২০২৬ সালের ৮ মার্চ ঢাকার একটি আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তা ইন্টারপোলের মাধ্যমে কার্যকরের নির্দেশ দেন। এরই ধারাবাহিকতায় দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

২০২৪ সালের ৪ মে বেনজীর আহমেদ স্ত্রী-সন্তানদের নিয়ে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশ ছাড়েন। এরপর থেকে তিনি মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে অবস্থান করছিলেন বলে ধারণা করা হচ্ছিল। বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডায় তার অবৈধ সম্পদের খোঁজে তদন্ত চলমান রয়েছে।

বর্তমানে দুবাই পুলিশের হেফাজতে থাকা এই সাবেক পুলিশ প্রধানকে দ্রুত বাংলাদেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিলে দেশের আইজিপি হিসেবে দায়িত্ব পেয়েছিলেন বেনজীর আহমেদ। পরবর্তীতে ২০২১ সালের ডিসেম্বরে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল যুক্তরাষ্ট্র।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ