বিজেপি বিধায়ক শুভেন্দুর সহকারীকে হত্যা করা হয় যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৭ মে) : পশ্চিমবঙ্গের ভবানীপুর ও নন্দীগ্রাম আসন থেকে জয়ী বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দোহারিয়া এলাকায় তার গাড়িকে লক্ষ্য করে গুলি চালানো হয়।

রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে ডলতলার কাছে এই ঘটনা ঘটে। পুলিশের বরাতে জানা গেছে, ভুয়া নম্বরপ্লেটযুক্ত একটি গাড়ি চন্দ্রনাথের গাড়ির সামনে এসে রাস্তা আটকে দেয়। সঙ্গে সঙ্গে একাধিক মোটরসাইকেলে আসা হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়। অন্তত তিন থেকে চারটি গুলি চালানো হয় বলে তদন্তে জানা গেছে। পরে হামলাকারীরা ব্যবহৃত গাড়ি ফেলে মোটরসাইকেলে পালিয়ে যায়।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। গুলিগুলোর একটি বুকে ও হৃদপিণ্ডে লাগে এবং আরেকটি পেটে আঘাত করে। ফলে তাকে বাঁচানোর কোনো সুযোগ ছিল না।

প্রাথমিক তদন্তে জানা গেছে, হামলায় চারটি মোটরসাইকেল ও একটি গাড়ি ব্যবহার করা হয়। ঘটনাস্থল নিহত ব্যক্তির বাড়ি থেকে প্রায় ১৭০ মিটার দূরে। পশ্চিমবঙ্গের পুলিশ মহাপরিচালক জানিয়েছেন, ঘটনাস্থল থেকে উদ্ধার করা গাড়িটির নম্বরপ্লেট ভুয়া ছিল এবং মোটরসাইকেলগুলোতেও নম্বরপ্লেট ছিল না।

পুলিশের ধারণা, হামলায় উন্নতমানের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, গ্লক সিরিজের পিস্তল ব্যবহার করা হয়ে থাকতে পারে। ঘটনাস্থল থেকে খালি কার্তুজ ও গুলি উদ্ধার করা হয়েছে।

শুভেন্দুর সহকারী চন্দ্রনাথের নিহত হওয়ার ঘটনা গত সোমবার ভোটের ফলাফল প্রকাশের ধারাবাহিক সহিংসতার অংশ হিসেবে মনে করা হচ্ছে। গত তিন দিনে চন্দ্রনাথসহ অন্তত পাঁচজন নিহত হলেন। এর মধ্যে তৃণমূল কংগ্রেস ও বিজেপির দুজন করে কর্মী রয়েছেন। বিভিন্ন স্থানে সহিংসতা থামাতে গিয়ে রাজ্য পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ ও আহত হয়েছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের তিন জওয়ান।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ