সৌদি থেকে এলো ১ লাখ টন তেল, আজই উৎপাদনে ফিরছে ইস্টার্ন রিফাইনারি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৭ মে) : দীর্ঘ বিরতির পর আবারও উৎপাদনে ফিরছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি। বৃহস্পতিবার বিকেল থেকেই শোধন কার্যক্রম পুনরায় চালুর প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ইস্টার্ন রিফাইনারি পিএলসি’র উপ-মহাব্যবস্থাপক (অপারেশন্স) মামুনুর রশীদ খান জানান, সৌদি আরব থেকে অপরিশোধিত তেলের একটি নতুন চালান দেশে পৌঁছেছে। সবকিছু স্বাভাবিক থাকলে বৃহস্পতিবার বিকেল ৫টার পর থেকে শোধন কার্যক্রম শুরু হবে। প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন জ্বালানি তেল উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে শুরুতে কারিগরি সমন্বয়ের কারণে উৎপাদন সীমিত রাখা হবে এবং পর্যায়ক্রমে তা বাড়ানো হবে।
তিনি আরও জানান, সৌদি আরব থেকে আসা এমটি নাইনেমিয়া নামের জাহাজটি কক্সবাজারের কুতুবদিয়া এলাকায় নোঙর করেছে। জাহাজটিতে প্রায় ১ লাখ ৯৪ মেট্রিক টন অপরিশোধিত তেল রয়েছে।
ইস্টার্ন রিফাইনারির ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত বলেন, নতুন চালান পৌঁছানোয় পরিকল্পনা অনুযায়ী রিফাইনারির সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগিয়ে উৎপাদন চালানো হবে।
রিফাইনারি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে মজুত থাকা তেল দিয়ে আগামী ২০ থেকে ২৫ দিন শোধন কার্যক্রম চালানো সম্ভব হবে। এছাড়া চলতি মাসের ২০ তারিখের পর আরও একটি ক্রুড অয়েলের চালান দেশে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। সৌদি আরব থেকে ১০ থেকে ১২ মে’র মধ্যে নতুন চালান লোডিং সম্পন্ন হলে সরবরাহে কোনো ধরনের সংকট তৈরি হবে না বলে আশা করা হচ্ছে।
সূত্রগুলো আরও জানায়, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মার্চ ও এপ্রিল মাসে নির্ধারিত সময়ে কোনো ক্রুড অয়েলবাহী জাহাজ বাংলাদেশে পৌঁছাতে পারেনি। এতে রিফাইনারির মজুত দ্রুত কমে যায় এবং একপর্যায়ে উৎপাদন সীমিত করার পাশাপাশি পুরো কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখতে হয়। নতুন চালান আসায় জ্বালানি খাতে স্বস্তি ফিরে এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মনোয়ারুল হক/
