যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি কাজে লাগিয়ে অর্থনীতি পুনরুদ্ধার করতে চায় সরকার: অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ মে) : যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তির সুযোগকে কাজে লাগিয়ে দেশের দুর্বল অর্থনীতিকে শক্তিশালী করতে চায় সরকার। এ কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

বুধবার সচিবালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চ-এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, সরকার চুক্তিটি বাতিল না করে বরং এর কাঠামোর মধ্যেই থেকে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সম্প্রসারণে কাজ করতে চায়।

তিনি বলেন, চুক্তির প্রতি পূর্ণ সম্মান রেখেই সরকার এগোবে। তবে যদি কোনো বিষয় জাতীয় স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে তা আলোচনার মাধ্যমে সমাধানের পথ খোলা থাকবে।

অর্থ উপদেষ্টা আরও জানান, দেশের অর্থনীতি পুনরুদ্ধারে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে। বিশেষ করে ওষুধ শিল্পে উৎপাদনশীলতা বাড়ানো এবং রপ্তানি সম্প্রসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কোনো একক দেশের ওপর নির্ভরশীল হতে চায় না; বরং সব দেশের সঙ্গে ভারসাম্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী।

তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য বন্ধুপ্রতিম দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারে আলোচনা অব্যাহত রয়েছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ