ভিভিআইপি বহর থামিয়ে মানবিক দৃষ্টান্ত: অ্যাম্বুলেন্সকে পথ ছাড়লেন প্রধানমন্ত্রী
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (৬ মে) : রাজধানীর ব্যস্ত সড়কে এক ব্যতিক্রমী মানবিকতার নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিজের গাড়িবহর থামিয়ে জরুরি সেবার একটি অ্যাম্বুলেন্সকে দ্রুত যাওয়ার সুযোগ করে দেন তিনি।
বুধবার সকালে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ানবাজার প্রান্তে এ ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী বাংলাদেশ সচিবালয়ে যাওয়ার পথে ছিলেন। সকাল ৯টার দিকে তার গাড়িবহর বনানী এক্সপ্রেসওয়ে হয়ে এফডিসি মোড়ের দিকে অগ্রসর হচ্ছিল।
এ সময় সাইরেন বাজাতে বাজাতে একটি অ্যাম্বুলেন্স বহরের পেছনে আটকে পড়ে সামনে যাওয়ার চেষ্টা করছিল। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসতেই তিনি দ্রুত পরিস্থিতি অনুধাবন করে নিরাপত্তা কর্মকর্তাদের অ্যাম্বুলেন্সকে পথ করে দেওয়ার নির্দেশ দেন। সঙ্গে সঙ্গে বহর থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে অগ্রাধিকার দেওয়া হয়।
বাংলাদেশে সাধারণত ভিভিআইপি চলাচলের সময় অন্য যানবাহনকে অপেক্ষা করতে দেখা গেলেও, এ ঘটনায় তার ব্যতিক্রম দেখা গেছে। দায়িত্ব গ্রহণের পর থেকে মানবিক মূল্যবোধকে অগ্রাধিকার দেওয়ার বার্তা দিয়ে আসছেন প্রধানমন্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, পুরো ঘটনাটি ছিল অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং মানবিক। তারা মনে করেন, এটি শুধু একটি তাৎক্ষণিক সিদ্ধান্ত নয়, বরং সাধারণ মানুষের প্রতি দায়িত্ববোধ ও সহমর্মিতার একটি শক্তিশালী উদাহরণ।
মনোয়ারুল হক/
