হরমুজে পিছু হটলেন ট্রাম্প, জাহাজ পাহারার ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (৬ মে) : ইরানকে পাত্তা না দিয়ে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে সহায়তার ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু গতকাল সেই কার্যক্রমটিও স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন তিনি। মঙ্গলবার তিনি এ ঘোষণা দেন।
ইরানের সঙ্গে একটি পূর্ণাঙ্গ চুক্তির পথে ‘ব্যাপক অগ্রগতি’ হওয়ার দাবি করে এমন পদক্ষেপ, বলেও জানান ট্রাম্প। যদিও এর আগে, ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের জাহাজে হামলা চালায়, তাহলে দেশটিকে ‘পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে’।
এদিকে, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্থগিতের ঘোষণার কয়েক ঘণ্টা আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও উপসাগর থেকে আটকে পড়া ট্যাংকারগুলোকে বের করে আনার জন্য সোমবার থেকে শুরু হওয়া প্রচেষ্টার রূপরেখা তুলে ধরেছিলেন, যার নাম ‘প্রজেক্ট ফ্রিডম’।
সংঘাত শুরু হওয়ার পর থেকে প্রণালীটি কার্যত বন্ধ রয়েছে, যা বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল সরবরাহ আটকে দিয়েছে এবং একটি বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করেছে।
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, আমরা পারস্পরিকভাবে সম্মত হয়েছি যে, অবরোধ পূর্ণমাত্রায় কার্যকর থাকলেও, ‘প্রজেক্ট ফ্রিডম’ স্বল্প সময়ের জন্য স্থগিত থাকবে, যাতে চুক্তিটি চূড়ান্ত ও স্বাক্ষরিত হতে পারে কি না তা দেখা যায়।
তবে এ বিষয়ে তেহরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যেখানে তখন বুধবার ভোর ছিল। উল্লেখ্য, এর আগে হরমুজ প্রণালী নিয়ে নানা হুমকি দিয়েও ইরানকে হটিয়ে সুবিধা করতে পারেনি যুক্তরাষ্ট্র। সূত্র : রয়টার্স।
মনোয়ারুল হক/
