সড়কে প্রাণ গেল ২০ বছর বয়সি নারী ফুটবলারের
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ মার্চ) : নারী ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মাত্র ২০ বছর বয়সে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন অস্ট্রিয়ান ফুটবলার আলেকজান্দ্রা উইমারের। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, গত বৃহস্পতিবার অস্ট্রিয়ার লিনৎস শহরে এই দুর্ঘটনা ঘটে। ক্লেইনমিউনিখের সাবেক এই খেলোয়াড় একটি গাড়ি দুর্ঘটনায় নিহত হন।
প্রতিবেদনে বলা হয়, পরীক্ষার জন্য স্কুলে যাওয়ার পথে তিনি ‘মোনা লিসা টানেল’-এর ভেতর দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। তার সঙ্গে গাড়িতে একজন ১৫ বছর বয়সী কিশোরী ছিল। একটি বাঁকে এসে তাদের গাড়ির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই উইমারের মৃত্যু হয়, আর আহত কিশোরীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব। ইনস্টাগ্রামে দেওয়া এক বার্তায় তারা লিখেছে, ‘আমরা বাকরুদ্ধ এবং গভীরভাবে শোকাহত। তুমি অনেক কম বয়সে চলে গেলে, তোমার সামনে অনেক কিছুই ছিল। তোমার হাসি, তোমার উদ্যম এবং তোমার সঙ্গে কাটানো স্মৃতিগুলো চিরকাল আমাদের মনে থাকবে।’
উইমার সম্প্রতি আপার অস্ট্রিয়ান একাডেমির উইমেন্স ফিউচার লিগে খেলছিলেন। তার শেষ ম্যাচ ছিল ভিয়েনা অনূর্ধ্ব-২০ দলের বিপক্ষে ২-২ ড্র।
ক্লাব আরও জানায়, ‘তুমি শুধু একজন সতীর্থই ছিলে না, আমাদের ক্লাবের খুব গুরুত্বপূর্ণ অংশও ছিলে। তোমাকে কতটা মিস করব, তা ভাষায় প্রকাশ করা কঠিন। এই কঠিন সময়ে আমাদের চিন্তা তোমার পরিবার ও প্রিয়জনদের সঙ্গে রয়েছে। শান্তিতে ঘুমাও। তুমি চিরকাল আমাদের হৃদয়ে থাকবে।’
মনোয়ারুল হক/
