টানা ১৩ দিন বিরতির পর জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৯ মার্চ) : ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে টানা ১৩ দিন বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন বসছে আজ। রবিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় অধিবেশন শুরু হবে।
গত ১২ মার্চ শুরু হওয়া এই অধিবেশন ঈদুল ফিতর ও অন্যান্য সরকারি ছুটির কারণে ১৫ মার্চ পর্যন্ত চলার পর মূলতবি করা হয়েছিল।
রবিবারের সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে, সরকারি দলের সংসদীয় সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া, অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সরকার ও বিরোধী দলের সদস্যরা এ আলোচনায় অংশ নেবেন। এ ছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার আলোচনার কর্মসূচি রয়েছে।
সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন।
মনোয়ারুল হক/
