উদ্ধার হলো পদ্মায় ডুবে যাওয়া যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাসটি

নিজস্ব প্রতিবেদক (রাজবাড়ী), এবিসিনিউজবিডি, (২৬ মার্চ) : রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে ডুবে যাওয়া ঢাকাগামী যাত্রীবাহী সৌহার্দ্য পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) রাত সাড়ে ১২টার পর উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে বাসটিকে টেনে তোলা হয়।

এর আগে বাসটি দৃশ্যমান হলে একে একে মরদেহ বের করে আনা হয়। রাজবাড়ী জেলা প্রশাসক সুলতানা আক্তার জানান, এখন পর্যন্ত ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্রে জানা যায়, তলিয়ে যাওয়া বাসটি নদীর ৮০-৯০ ফিট গভীরে ছিল। উদ্ধারকারী জাহাজ হামজার মাধ্যমে বাসটি ধীরে ধীরে উপরে তোলা হয়েছে।

এর আগে বুধবার বিকেল সোয়া ৫টার দিকে ঘাটের ৩ নম্বর পন্টুন থেকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের ওই বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নদীতে পড়ে যায়। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। তবে দুর্ঘটনার সময় তাৎক্ষণিকভাবে বেশ কয়েকজন সেই বাস থেকে বেরিয়ে যেতে সক্ষম হন।

ঘটনার পরপরই দৌলতদিয়া ফেরিঘাটে নদীতে পড়ে যাওয়া বাসটি উদ্ধারে জোরালো অভিযান শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ডুবুরি দলের পাশাপাশি একাধিক সংস্থা সমন্বিতভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ জানান, উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ এবং বিআইডব্লিউটিএর ডুবুরি দলের সহযোগিতায় বাসটি উদ্ধারের কাজ চলছে। এ কাজে ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, নৌপুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সংস্থা যুক্ত রয়েছে। স্থানীয় ডুবুরিরাও উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ