দেশজুড়ে ১৩৩ সিনেমা হলে শাকিব খানের ‘প্রিন্স’

বিনোদন প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২১ মার্চ) : ঢাকাই চলচ্চিত্রের দর্শকদের জন্য ঈদ মানেই নতুন চমক এবং রূপালি পর্দায় মেগা আয়োজন। এবারের ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত চলচ্চিত্র ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’।

পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত ছবিটি দেশের ১৩৩টি সিনেমা হলে একযোগে প্রদর্শিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শাকিব খান নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

শাকিব খান লিখেছেন, ‘পরিবার-পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবাইকে নিয়ে উৎসবের এই মহাআনন্দে ‘প্রিন্স’ দেখুন। দেশজুড়ে ১৩৩টি সিনেমা হলে একযোগে চলছে। সংখ্যা নয়, এ তো আমাদের অভ্যেস।’

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে শাকিব খান অভিনয় করেছেন চ্যালেঞ্জিং চরিত্রে। এটি কেবল অ্যাকশন সিনেমা নয়, বরং ঢাকার রাজনীতি ও অপরাধ জগতের এক গভীর আখ্যান।

শিরিন সুলতানা প্রযোজিত সিনেমায় শাকিব খানের বিপরীতে প্রথমবার পর্দায় দেখা যাচ্ছে তসনিয়া ফারিণকে। ওপার বাংলার জ্যোতির্ময়ী কুণ্ডু ভিন্ন মাত্রা যোগ করেছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, রাশেদ মামুন অপু এবং ড. এজাজ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ