শোলাকিয়া ঈদগাহের নিরাপত্তায় কাজ করবে ১১০০ পুলিশ সদস্য

নিজস্ব প্রতিবেদক (কিশোরগঞ্জ), এবিসিনিউজবিডি, (২০ মার্চ) : কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের নিরাপত্তা ব্যবস্থায় কাজ করবে ১১০০ জন পুলিশ সদস্য। পাশাপাশি র‌্যাবের ৬টি টিম (প্রতি টিমে ৬ জন করে), ৫ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন সেনাবাহিনী ও ৫ প্লাটুন আনসার সদস্য কাজ করবে।

প্রতিবারের মতো এবারও নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে শোলাকিয়া। এমনটিই জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসন, পুলিশ ও র‌্যাবের কর্মকর্তারা দফায় দফায় পরিদর্শন করেছেন শোলাকিয়া ময়দান। ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়েছে শোলাকিয়া ময়দানকে। ঈদের দিন শোলাকিয়ায় বিজিবি, র‌্যাব, পুলিশ, আনসার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হবে।

স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, শোলাকিয়ায় এবার সাদা পোশাকে পুলিশ সদস্যসহ মোট ১১০০ জন পুলিশ, র‌্যাবের ৬টি টিম (প্রতি টিমে ৬ জন করে), ৫ প্লাটুন বিজিবি, ৪ প্লাটুন সেনাবাহিনী ও ৫ প্লাটুন আনসার সদস্য কাজ করবে। এছাড়াও নিরাপত্তায় মাঠে ৪টি ওয়াচটাওয়ার করা হয়েছে, এরমধ্যে ২টি পুলিশ ও ২টি র‌্যাবে ব্যবহার করবে। মাঠসহ আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণে ৬৪টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

ঈদের দিন মাঠের বিভিন্ন প্রান্তে থাকবে ১৩টি আর্চওয়ে। থাকবে ড্রোন ক্যামেরাও। ঢাকা থেকে আসবে বোম ডিসপোজাল টিম। কাজ করবে ফায়ার সার্ভিস টিম। ছয়টি অ্যাম্বুলেন্সসহ মেডিকেল টিম থাকবে। ১০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ঈদগাহ পরিচালনা কমিটি ও আইন শৃঙ্খলা বাহিনী নিরাপত্তার স্বার্থে ঈদের দিন মুসল্লিদেরকে শুধুমাত্র জায়নামাজ নিয়ে মাঠে আসার অনুরোধ করেছেন।

ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া ২৮টি প্রবেশ পথে হ্যান্ড মেটাল ডিটেক্টর নিয়ে নিরাপত্তা কর্মীরা আগত মুসল্লিদের দেহ তল্লাশি করে ঈদগাহের ঢোকার ব্যবস্থা করবে। ঈদের আগের দিন থেকে শহরে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হবে। এর পাশাপাশি পুলিশের গোয়েন্দা সংস্থা ও র‌্যাব সদস্যরা বিশেষ নজরদারি করবেন।

এবার শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ১৯৯তম ঈদুল ফিতরের বৃহত্তর ঈদের জামাত। আগামীকাল শনিবার সকাল ১০টায় অনুষ্ঠিত এ জামাতে ইমামতি করবেন শহরের বড় বাজার জামে মসজিদের ইমাম মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ