যুদ্ধ গড়াল ১৪তম দিনে, সব শেষ আপডেট

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি,  (১৩ মার্চ) : ইরান ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ আজ ১৪তম দিনে গড়িয়েছে। মধ্যপ্রাচ্যজুড়ে অব্যাহত বিমান হামলার পাশাপাশি এই সংঘাতের রেশ ছড়িয়ে পড়েছে বিশ্ব অর্থনীতিতেও। ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যে গত ২৪ ঘণ্টার গুরুত্বপূর্ণ কিছু খবর নিচে তুলে ধরা হলো:

নতুন করে হামলা: উত্তর ইসরায়েলে নতুন করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন আহত এবং বেশ কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অন্যদিকে, ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে নতুন দফায় ক্ষেপণাস্ত্র ছোড়ার ঘোষণা দিয়েছে তেহরান। এদিকে ইরানে একটি প্রধান মহাসড়কে হামলার ঘটনায় রেড ক্রিসেন্টের তিন কর্মী আহত হয়েছেন।

ফরাসি সেনা নিহত: ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এক হামলায় ফ্রান্সের এক সেনাসদস্য নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এই তথ্য নিশ্চিত করেছেন। ইরবিলের গভর্নর জানিয়েছেন, উত্তর ইরাকে কুর্দি বাহিনী ও আন্তর্জাতিক জোটের একটি ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছিল।

এশীয় শেয়ারবাজারে ধস: বিশ্ববাজারের অস্থিরতার প্রভাবে শুক্রবার সকালে লেনদেনের শুরুতেই এশিয়ার শেয়ারবাজারে বড় পতন লক্ষ্য করা গেছে। আন্তর্জাতিক বাজারে অস্থিতিশীলতার কারণে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রুশ তেলের লাইসেন্স: ট্রাম্প প্রশাসন একটি নতুন লাইসেন্স ইস্যু করেছে, যার ফলে দেশগুলো সাময়িকভাবে নির্দিষ্ট কিছু রুশ তেল পণ্য কেনার সুযোগ পাবে। বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

হরমুজ প্রণালি নিয়ে উদ্বেগ: মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ইরানের সামরিক সক্ষমতা ও কৌশল বুঝতে ভুল করেছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট সূত্রগুলো। মার্কিন সামরিক অভিযানের জবাবে ইরান যে এত দ্রুত ‘হরমুজ প্রণালি’ বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নেবে, তা আগে থেকে আঁচ করতে পারেনি ওয়াশিংটন।

মার্কিন রণতরীতে আগুন: মার্কিন নৌবাহিনীর অত্যাধুনিক ও ব্যয়বহুল রণতরী ‘ইউএসএস জেরাল্ড আর ফোর্ড’-এর লন্ড্রি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই নাবিক আহত হয়েছেন। তবে মার্কিন পঞ্চম ফ্লিট জানিয়েছে, এই অগ্নিকাণ্ড যুদ্ধের সাথে সম্পর্কিত নয় এবং ১৩ বিলিয়ন ডলার মূল্যের এই রণতরীটি বর্তমানে পুরোপুরি সচল রয়েছে।

সূত্র : সিএনএন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ