মুক্তিযুদ্ধমন্ত্রী হলেন আযম খান, মন্ত্রণালয় বাড়ল মীর হেলালের
বিশেষ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ মার্চ) : নতুন মন্ত্রী হিসেবে শপথ নেওয়া টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলালকে ভূমি মন্ত্রণালয়ের দায়িত্বও দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস অনুযায়ী, প্রধানমন্ত্রী, মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের দায়িত্ব বণ্টন এবং পুনর্বণ্টন করেন। প্রধানমন্ত্রীর সদয় অভিপ্রায় অনুযায়ী, আহমেদ আযম খানকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনকে তার বর্তমান দায়িত্বের পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও দেওয়া হয়েছে।
এদিন ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে ব্যরিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ডেপুটি স্পিকার হিসেবে শপথ নিয়েছেন। অন্যদিকে, মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ স্পিকার নির্বাচিত হওয়ার পর তার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় শূন্য হয়।
মনোয়ারুল হক/

