সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৩ ফেব্রুয়ারি) : বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ পর্য়ায়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সেনাসদর থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
ওই আদেশে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ (সিজিএস) পদে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে, যিনি এর আগে আর্টডকের জিওসি ছিলেন।
সশস্ত্র বাহিনী বিভাগের (এএফডি) নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে পদোন্নতিসহ নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, তিনি চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন যাচ্ছিলেন। অন্যদিকে সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানকে রাষ্ট্রদূত করে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলামকে যশোরের ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে কমান্ড্যান্ট হিসেনে বদলি করা হয়েছে। অন্যদিকে ইস্টবেঙ্গল রেজিমেন্টাল সেন্টারের কমান্ড্যান্ট মেজর জেনারেল ফেরদৌস হাসানকে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে। এছাড়া দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মো. হাফিজুর রহমানকে মেজর জেনারেলে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি করা হয়েছে।
অন্যদিকে, আলাদা আদেশে ব্রিগেডিয়ার জেনারেল কায়সার রশীদকে পদোন্নতি দিয়ে ডিজিএফআইয়ের প্রধান করা হয়েছে। ডিজিএফআই প্রধান মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে এমওএফএ (মোফা) বদলি করা হয়েছে।
মনোয়ারুল হক/
