বাগেরহাটে প্রোটোকল ভেঙে সবার সঙ্গে মিশে গেলেন প্রধানমন্ত্রী
বাগেরহাট প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২২ অক্টোবর): আজ বাগেরহাটে মোংলা বন্দর জেটি এবং বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফরের একপর্যায়ে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের দিকে যাওয়ার পথে নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রবল টানে নিজের নিরাপত্তাবেষ্টনী বা প্রোটোকল ভেঙে গাড়ি থেকে নেমে সরাসরি তাদের সঙ্গে মিশে যান তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা সাড়ে ৩টার দিকে বন্দর জেটিতে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রায় ৫০ মিনিট অবস্থান করার পর সোয়া ৪টার দিকে জেটি ত্যাগ করে তিনি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে যান। পরবর্তীতে অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কাজ শেষ করে তিনি হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে মোংলা বন্দর ত্যাগ করেন।
এর আগে এদিন সকালে মোংলা বন্দরের হিরণ পয়েন্ট ও সুন্দরবন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি খুলনার দাকোপ উপজেলার নলিয়ানে যান এবং নলিয়ান থেকে নৌপথে দুপুর পৌনে ১টার দিকে মোংলার দিগরাজ নৌঘাঁটিতে পৌঁছান। নৌঘাঁটিতে পৌঁছে তিনি বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস আবু বকর পরিদর্শন করেন এবং সেখানেই মধ্যাহ্নভোজে অংশ নেন। এরপর সেখান থেকেই তিনি মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে রওনা হন।
মোংলা বন্দর জেটি ও বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার ও বাগেরহাট জেলা প্রশাসক।
মনোয়ারুল হক/
