রিয়াদ ও মদিনায় ৪টি ড্রোন ভূপাতিত করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (২২ অক্টোবর): সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং পবিত্র মদিনা শহরকে লক্ষ্য করে ছোড়া ইরান সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের চারটি ড্রোন সফলভাবে ভূপাতিত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন যৌথ সামরিক জোট।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ ড্রোনগুলো ধ্বংস করা হয় বলে নিশ্চিত করেছেন জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি। তিনি জানান, রিয়াদ ও মদিনা অঞ্চলের আকাশসীমায় ড্রোনগুলো আটকানোর পর সেগুলোকে ধ্বংস করা হয়েছে।

উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাস থেকে সৌদি আরব ও হুথিদের মধ্যে নতুন করে তীব্র সংঘাত শুরু হয়। ওই সময় ইয়েমেনের রাজধানী সানায় অবতরণের চেষ্টা করা একটি বিমানকে বাধা দেয় সৌদি জোট, যেটিতে ইরান থেকে ফিরে আসছিলেন হুথি নেতারা। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে হুথি বিদ্রোহীরা দেশটির বিভিন্ন বিমানবন্দর ও তেল শোধনাগারকে টার্গেট করে পাল্টা হামলা শুরু করে। অন্যদিকে, হুথিদের সানা থেকে হটিয়ে দিতে ‘অপারেশন ডন অব ইয়েমেন’ নামে একটি জোরালো অভিযান পরিচালনা করছে সৌদি জোট, যার ফলে ইয়েমেনের বিভিন্নপ্রান্তে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

চলমান এই সংঘাতে হুথিরা নিয়মিত বিরতিতে সৌদিতে হামলা চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে মক্কা ও মদিনাকে লক্ষ্য করেও ড্রোন হামলা চালানোর অভিযোগ তুলেছে সৌদি আরব। তবে এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও ‘ঘৃণ্য মিথ্যাচার’ বলে উড়িয়ে দিয়েছে হুথি গোষ্ঠী।

এদিকে চলমান এই হামলা ও পাল্টা পাল্টার জেরে সৌদি আকাশসীমার ওপর একতরফা নিষেধাজ্ঞা দিয়েছে হুথিরা। এমনকি মক্কা ও মদিনা অঞ্চল বাদে সৌদির অন্য কোনো আকাশসীমায় বিমান চলাচল করতে না দেওয়ার হুমকিও দিয়েছে তারা। এর আগে গত বুধবার দাম্মাম বিমানবন্দরে চালানো হুথিদের এক হামলায় দুজন নিহত হওয়ার ঘটনা ঘটে। সূত্র: আলজাজিরা

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ