আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের বৈঠক
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (২২ অক্টোবর): বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও চাহিদাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হাইড্রোকার্বন খাতে সহযোগিতার সমঝোতা স্মারকটি দ্রুত স্বাক্ষরের জন্য তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেছিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট। আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরকে এ তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আত্তাফ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) আয়োজিত এই উচ্চপর্যায়ের বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বহুপক্ষীয় নানা ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে জ্বালানি, সার, কৃষি, বস্ত্র, বাণিজ্য, শিক্ষা এবং দুদেশের জনগণের পারস্পরিক যোগাযোগ বাড়ানোর বিষয়গুলো বিশেষ প্রাধান্য পায়।
বৈঠকে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতের সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হওয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেন হুমায়ুন কবির।
তিনি উল্লেখ করেন, এই চুক্তির মাধ্যমে সরকারি পর্যায়ে (জিটুজি) আলজেরিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), এলপিজি এবং অন্যান্য অত্যাবশ্যকীয় পেট্রোলিয়াম পণ্য আমদানির নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।
পাশাপাশি শোধনাগার নির্মাণ, এলএনজি অবকাঠামো খাতের উন্নয়ন এবং বাংলাদেশের গ্যাসক্ষেত্র ও কয়লা অনুসন্ধানে যৌথভাবে কাজ করার সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।
এদিকে জ্বালানি খাতের কারিগরি কর্মী ও প্রকৌশলীদের উন্নত প্রশিক্ষণ এবং অভিজ্ঞতা বিনিময়ের ওপর জোর দিয়েছে আলজেরিয়ান পেট্রোলিয়াম ইনস্টিটিউট। এর ফলে বাংলাদেশের জ্বালানি খাতের সক্ষমতা ও আত্মনির্ভরশীলতা আরও সুদৃঢ় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বৈঠকে দেশের কৃষিক্ষেত্রের চাহিদা মেটাতে সার আমদানির প্রয়োজনীয়তার দিকটি তুলে ধরেন হুমায়ুন কবির। এর জবাবে বাংলাদেশর সঙ্গে সার সরবরাহ ও কৃষি খাতে সহযোগিতার জোরালো আগ্রহ দেখান আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে, আলজেরিয়ার বন্ধ বা স্থবির হয়ে পড়া বস্ত্রশিল্পকে ঘুরে দাঁড় করাতে বাংলাদেশের দীর্ঘ অভিজ্ঞতা ও সহযোগিতা কামনা করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া ওষুধ, চামড়া এবং বস্ত্র খাতের বিভিন্ন ক্ষেত্রেও বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব গড়ার ইচ্ছা প্রকাশ করেন আহমেদ আত্তাফ।
দুই দেশের পারস্পরিক সম্পর্ককে আরও বেগবান করতে নিয়মিত ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বা পররাষ্ট্র দপ্তর পর্যায়ের বৈঠক এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বিনিময়ের ওপর বিশেষ জোর দেওয়া হয়। জানা গেছে, আগামী পররাষ্ট্র দপ্তর পর্যায়ের এই বৈঠক খুব শীঘ্রই ঢাকায় অনুষ্ঠিত হবে।
মনোয়ারুল হক/
