আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে
ভোলা প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২২ অক্টোবর): জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং এর প্রয়োজনীয়তাও রয়েছে। গত ১৭ বছর কোনো নির্বাচনই সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন সম্পূর্ণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে।
বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
স্পিকার আরও বলেন, কোনো ব্যক্তি অর্থশালী বা বিত্তবান না হলেও যদি তার জনসমর্থন ও সমাজে গ্রহণযোগ্যতা থাকে, তবে তাকে নির্বাচনে অংশ নেওয়ার পূর্ণ সুযোগ দিতে হবে। এ লক্ষ্যে নির্বাচন কমিশনকে এমন একটি উপযোগী পদ্ধতি প্রণয়ন করতে হবে, যেন সাধারণ মানুষেরও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ তৈরি হয়।
তিনি বলেন, আমার সুদীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে করি, আগামী ১০ বছরের মধ্যেও শেখ হাসিনার দেশে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আওয়ামী লীগ তাদের শাসনকালে এমন একটি পরিস্থিতির জন্ম দিয়েছিল, যেখানে সমাজের সৎ, দক্ষ ও নিরপেক্ষ ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া একরকম অসম্ভব ছিল। তাই বর্তমান নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার এখন সময়ের দাবি।
ভোলার খনিজ গ্যাসের অপার সম্ভাবনার কথা উল্লেখ করে স্পিকার জানান, এই জেলায় প্রচুর পরিমাণে প্রাকৃতিক গ্যাস মজুত রয়েছে। এখানে প্রাপ্ত গ্যাসের পরিমাণ বর্তমানে সারাদেশের মোট রিজার্ভের সমান বলে প্রতীয়মান হচ্ছে। আশা করা যাচ্ছে, ভোলায় আরও নতুন গ্যাসের সন্ধান মিলবে। ভোলার সাধারণ মানুষের গ্যাসের তীব্র প্রয়োজন রয়েছে। ভোলাবাসী দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগ পোহাচ্ছেন এবং গ্যাস তাদের ন্যায্য অধিকার ও দীর্ঘদিনের প্রাণের দাবি। এ বিষয়ে আমি খুব শীঘ্রই জ্বালানি মন্ত্রীর সঙ্গে আলোচনা করব।
উল্লেখ্য, নিজের নির্বাচনী এলাকা লালমোহন ও তজুমদ্দিনে তিন দিনের সফল সফর শেষে স্পিকার আজ বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশ্যে ভোলা ত্যাগ করেন।
মনোয়ারুল হক/
