নির্বাচনে অনিয়ম হওয়ার সুযোগ নেই: ইসি মাছউদ
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ ফেব্রুয়ারি) : জাতীয় সংসদ নির্বাচনে এবার কোনো ধরনের অনিয়ম হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের আলোর ধারা স্কুলে ভোট প্রদান শেষে তিনি এ কথা বলেন।
ইসি মাছউদ বলেন, আমরা যেখানে কোনো রকম অনিয়ম দেখছি, সেখানে হস্তক্ষেপ করছি। সর্বত্র একটা নিরাপত্তার চাদরে ঢেকে দিয়ে দেওয়া হয়েছে। সিসি ক্যামেরা কাজ করছে, পুলিশের বডি ওর্ন ক্যামেরা কাজ করছে। কাজেই এখানে অনিয়ম হওয়ার কোনো সুযোগ নেই।
তিনি বলেন, সকালে আমরা পরিবেশ ভালো দেখেছি। শেষ মুহূর্ত পর্যন্ত থাকবে —এটা সবার কাম্য। এ ব্যাপারে সবাইকে সহযোগিতার জন্য বিনীত অনুরোধ করব। বেশি বেশি অংশগ্রহণের জন্য আবেদন করব। তারা যাতে একটা নির্বাচন সুন্দর পরিবেশে ভোট দিতে পারে, এ ধরনের একটা পরিবেশ সৃষ্টি করবেন। আগামী ইনশা আল্লাহ আমাদের দিনটি ভালো হবে।
ইসি মাছউদ বলেন, আমাদের (ইসি) দায়িত্ব হচ্ছে নির্বাচন করা। নির্বাচন বন্ধ করা নয়। তবে যদি সুন্দর এবং স্বচ্ছ ভোট করা সম্ভব না হয়, সে ক্ষেত্রে আমরা কেন্দ্র বন্ধ করার নির্দেশনা দিয়েছি।
তিনি বলেন, ‘এই ভোটের যে পরিবেশ চলছে, এইটা যেন শেষ মুহূর্ত, গণনা পর্যন্ত, একেবারে সর্বশেষ আমাদের যে রেজাল্ট দেবে, সেটা পর্যন্ত যেন থাকে— এটাই সবার কাম্য।’
ভোটার উপস্থিতি সম্পর্কে জানতে চাওয়া হলে ইসি মাছউদ বলেন, ‘আমি মনে করি যে ৬০ শতাংশ বা তারও বেশি হবে।’
মনোয়ারুল হক/
