ভোট সুষ্ঠু হচ্ছে, ভোটারদের নিরাপত্তায় সর্বাধিক গুরুত্ব: সিইসি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ ফেব্রুয়ারি) : উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে, কেন্দ্রগুলোতে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। আমরা ভোটারদের নিরাপত্তায় সর্বাধিক গুরুত্ব দিচ্ছি বলে জানান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫ মিনিটে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র’ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। কয়েক মিনিটের এই পরিদর্শনের সময় তিনি কয়েকটি ভোট কক্ষ পরিদর্শন করেন এবং বিশেষভাবে নারী ভোটারদের খোঁজখবর নেন।
কেন্দ্র থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সেনা কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের কাছ থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান সিইসি।
পরে তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, ভোটারদের নিরাপত্তা নিয়ে যেন কোনো ধরনের সমস্যা না হয়। ভোটাররা যাতে নির্বিঘ্নে এসে ভোট দিতে পারেন সেজন্য সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।
পরে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘ভোট সুষ্ঠু হচ্ছে। সবাই উৎসবমুকর পরিবেশে ভোট দিচ্ছেন।’
মনোয়ারুল হক/
