সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন সালাহউদ্দিন
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (১২ ফেব্রুয়ারি) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আলহাজ সালাহউদ্দিন আহমেদ নিজ কেন্দ্রে ভোট প্রদান করায় এ আসনটিকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিশেষ নজর তৈরি হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে তিনি পেকুয়া সরকারি জি এম সি ইনস্টিটিউশন কেন্দ্রে ভোট দেন।
তবে বড় রাজনৈতিক নেতা হওয়া সত্ত্বেও কোনো বিশেষ সুবিধা নেননি তিনি। সাধারণ ভোটারদের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে শান্তভাবে নিজের ভোট দেন সালাহউদ্দিন আহমেদ।
জাতীয় পর্যায়ের একজন নেতাকে সবার সঙ্গে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিতে দেখে উপস্থিত সাধারণ ভোটারদের মধ্যে বিস্ময় ও প্রশংসার প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই বিষয়টিকে গণতন্ত্রের প্রতি সম্মান ও সমতার বার্তা হিসেবে দেখছেন।
ভোটদান শেষে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপে সালাহউদ্দিন আহমেদ বলেন, “দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে অত্যন্ত আনন্দিত। এখন পর্যন্ত ভোটের পরিবেশ শান্তিপূর্ণ ও সুষ্ঠু রয়েছে। তবে চকরিয়ার দুই-তিনটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে শুনেছি। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে বাড়তি সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে আসছেন। ইনশাআল্লাহ, জনগণের রায়ে বিপুল ভোটে বিজয়ী হব।”
সংশ্লিষ্ট সূত্র জানায়, যে কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন সেখানে মোট ভোটার সংখ্যা ২ হাজার ৯০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ হাজার ৫০০ জন এবং নারী ভোটার ১ হাজার ৪০০ জন। পাঁচটি ভোটকক্ষের মাধ্যমে কেন্দ্রে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এদিকে সকাল থেকেই কেন্দ্রটিতে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা গেছে। ভোর থেকে নারী-পুরুষ ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ সারিও দেখা যায়।
চকরিয়া ও পেকুয়া উপজেলায় সেনাবাহিনী, পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ভোটগ্রহণ কার্যক্রম চলছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সালাহউদ্দিন আহমেদের মতো জাতীয় পর্যায়ের নেতার সরাসরি অংশগ্রহণে কক্সবাজার–১ আসনটি এবারের নির্বাচনে বিশেষ গুরুত্ব পেয়েছে।
মনোয়ারুল হক/
