প্রার্থী-সমর্থক-সাংবাদিকদের সামনে ভোট গণনা হবে: সিইসি
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১১ ফেব্রুয়ারি) : প্রার্থী, সমর্থক ও সাংবাদিকদের সামনে ভোট গণনা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, ‘প্রার্থী, সমর্থক ও সাংবাদিকদের সামনে ভোট গণনা হবে। স্বচ্ছভাবে গণনা হবে। বিধাবিধান অনুযায়ী ভোট গ্রহণ হবে। কেউ এতে ব্যাত্যয় ঘটাতে চাইলে আইনের কঠোর প্রয়োগ হবে।’
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিংয়ে এসব কথা বলেন সিইসি।
সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সব প্রস্তুতি শেষ করেছে জানিয়ে তিনি বলেন, ‘১৬০ জন আন্তর্জাতিক সাংবাদিক এসেছেন। ৪৫ হাজার দেশের পর্যবেক্ষক আছেন। জাতীয় আন্তর্জাতিক পর্যবেক্ষক নিবিড়ভাবে এই নির্বাচন পর্যবেক্ষণ করবেন।’
এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘পোস্টাল সব ভোটের ব্যালট সফলভাবে দেশে ফিরে এসেছে। এরই মধ্যে সব কেন্দ্রে ব্যালটসহ নির্বাচন সামগ্রী পৌঁছে গেছে।’
তিনি বলেন, নির্বাচনে দেশি ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নিবিড় নজরদারি থাকবে। কমিশনের নীতিমালা মেনেই কাজ করবেন পর্যবেক্ষকরা। ভোট শেষে পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করা হবে।
জনআস্থা বাড়াতে ‘গভীর অর্থবহ’ সম্পৃক্ততার উদ্যোগের কথা জানিয়ে সিইসি বলেন, নির্বাচনে অভিভাবক ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেওয়া হচ্ছে।
নির্বিঘ্ন ভোটগ্রহণে ভোটারদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিতের আশ্বাসও দেন তিনি।
নির্বাচন প্রক্রিয়ার ধারাবাহিক উন্নয়নে গুরুত্বারোপ করে সিইসি বলেন, একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে কমিশন শুরু থেকেই স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে। যেকোনো ব্যত্যয় শনাক্তে প্রযুক্তি ও থার্মাল লেন্সের ব্যবহার করা হবে।
মনোয়ারুল হক/
