বহিষ্কার হলেন দেবিদ্বারের বিএনপি নেতা মঞ্জু
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১০ ফেব্রুয়ারি) : দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও দেবিদ্বারের বিএনপি নেতা ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। নির্বাচনি প্রচারে জোটের প্রার্থীর প্রতীক ট্রাক ছাড়া অন্য কোনো প্রতীকে ভোট দিলে ভোটারদের বাড়িঘর পুড়িয়ে ছারখার করে দেওয়ার হুমকির পর এ নির্দেশনা আসে বিএনপির কেন্দ্র থেকে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্বরত ছিলেন। দলীয় নীতি, আদর্শ এবং সংগঠন পরিপন্থী বক্তব্য ও কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলীয় সকল পর্যায়ের পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে জানানো হয়, সংগঠনের আদর্শ ও সংহতি বজায় রাখতে যেকোনো ধরনের শৃঙ্খলা পরিপন্থী কাজের বিরুদ্ধে দল কঠোর অবস্থান গ্রহণ করছে। এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মনোয়ারুল হক/
