বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনের রাষ্ট্রদূতের বিদায়ী বৈঠক
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৯ সেপ্টেম্বর): বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকটি অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, বৈঠকে দুই পক্ষই বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেছেন। আগামী দিনগুলোতে দুই দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, বাণিজ্যিক, কূটনৈতিক এবং ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও বেশি সুদৃঢ় হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। এছাড়া দ্বিপক্ষীয় সহযোগিতা, দেশের উন্নয়ন ও অগ্রগতির ধারাকে আরও বেগবান করার লক্ষ্যে উভয় দেশ একত্রে কাজ করবে বলেও আলোচনায় উঠে আসে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন-পরবর্তী রাজনৈতিক পরিবর্তনের সময়ে জামায়াতে ইসলামীসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং পারস্পরিক সংলাপের অনুকূল পরিবেশ সৃষ্টিতে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করেছেন। এজন্য বৈঠকে তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন চীন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ড. লিউ ইউয়িন এবং কালচারাল কাউন্সেলর লি শাওপেং। এ ছাড়া জামায়াতের পক্ষ থেকে নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এহসানুল মাহবুব জুবায়েরসহ দলটির অন্যান্য শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
