বাবার প্রতি ছোট্ট মেয়ের ভালোবাসার অনন্য দৃষ্টান্ত

বরিশালের প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৬ সেপ্টেম্বর): বাজারের একটি খুঁটির সঙ্গে হাত বাঁধা বাবা। চারপাশ ঘিরে উৎসুক জনতার ভিড়। সেই ভিড় ঠেলে বাবার কাছে ছুটে এলো এক ছোট্ট শিশু। তার ছোট্ট হাতে এক কাপ চা আর রুটি। বাবার কাছে পৌঁছানোর পর নিজের হাতে তার মুখে খাবার তুলে দিতে শুরু করে সে। সারারাত না খেয়ে থাকা বাবাকে নিজের হাতে খাওয়ানোর সেই দৃশ্য দেখে সেখানে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল বাজারে এই মর্মান্তিক ও আবেগঘন ঘটনাটি ঘটে। পরবর্তীতে স্থানীয় এক যুবকের মুঠোফোনে ধারণ করা সেই ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার দিবাগত গভীর রাতে বামরাইল বাজারের একটি দোকানে চুরির চেষ্টার অভিযোগে অনিক সরদার নামের এক যুবককে আটক করেন স্থানীয় লোকজন। এরপর তাকে বাজারের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।

পরদিন সকালে বাবাকে আটকে রাখার খবরটি জানতে পেরে সেখানে দ্রুত ছুটে আসে তার অবুঝ শিশুসন্তান। বাজারে এসে দূর থেকেই বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পায় সে। এরপর স্থানীয় একটি দোকান থেকে রুটি ও চা কিনে সোজা বাবার কাছে চলে যায় এবং নিজের কোমল হাতে বাবার মুখে খাবার তুলে দেয়।

ঘটনাটি প্রত্যক্ষ করে স্থানীয় এক যুবক মুঠোফোনে ভিডিও ধারণ করেন। পরবর্তীতে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেলে দ্রুত তা চারদিকে ছড়িয়ে পড়ে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় থাকা অনিকের মুখে তার মেয়ে পরম মমতায় রুটি খাইয়ে দিচ্ছে এবং আশপাশে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে পুরো বিষয়টি দেখছেন।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দা আলামিন জানান, মেয়েটি বাবাকে খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় দেখতে পেয়ে দ্রুত ছুটে আসে। পরবর্তীতে দোকান থেকে রুটি ও চা কিনে এনে নিজের হাতে বাবাকে খাওয়ায়। এই হৃদয়বিদারক দৃশ্য দেখে উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

আরেক স্থানীয় বাসিন্দা আব্দুর রহিম বলেন, চুরির কোনো অভিযোগ থাকলে তা আইনগতভাবে সমাধান হওয়া উচিত ছিল। তবে বাবার প্রতি ওই ছোট্ট মেয়েটির যে অপরিসীম মমতা ও ভালোবাসা তারা দেখেছেন, তা উপস্থিত সবাইকে গভীরভাবে স্পর্শ করেছে।

স্থানীয় সূত্র আরও জানায়, শনিবার সকালের দিকে স্থানীয় লোকজন অনিক সরদারের কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে তার অভিভাবকের জিম্মায় ছেড়ে দেন।

এ বিষয়ে উজিরপুর থানার পুলিশ পরিদর্শক ফারুক জানান, চুরির অভিযোগে এক ব্যক্তিকে আটকের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশি মোবাইল টিম পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এর আগেই স্থানীয়রা ওই ব্যক্তির কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দিয়েছেন।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ