ককটেল বিস্ফোরণ ইস্যুতে নাসীরুদ্দীনকে জিজ্ঞাসাবাদ করা উচিত
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২৫ সেপ্টেম্বর): রাজধানীর ককটেল বিস্ফোরণ ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মন্তব্য করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথা জানান ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।
এর আগে সম্প্রতি রাজধানীতে একটি প্রতিবাদ মিছিলের সমাপনীতে নাসীরুদ্দীন পাটওয়ারী মন্তব্য করেন যে, সরকার তাদের মূল তিনটি দাবি মেনে নিলে রাজধানীতে আর কোনো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটবে না। তার এই বক্তব্যের মাধ্যমে মূলত ইঙ্গিত দেওয়া হয়েছিল যে, তাদের দাবিগুলোর মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি রয়েছে এবং দলটি নিষিদ্ধ হলে তাদের নেতাকর্মীরাও আর ককটেল হামলার সুযোগ পাবে না।
সংবাদ সম্মেলনে সাংবাদিকরা যুগ্ম কমিশনারের কাছে জানতে চান, সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ককটেল বিস্ফোরণগুলো কেবল নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরাই ঘটাচ্ছে কি না, নাকি এর পেছনে অন্য কেউ জড়িত রয়েছে।
উত্তরে ডিএমপির যুগ্ম কমিশনার বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী এই ধরনের বক্তব্য কেন দিয়েছেন, সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা দরকার। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, তাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা উচিত।
পুলিশ তাকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত সম্পূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা নিতে পারবেন।
মনোয়ারুল হক/
