আওয়ামী লীগকে পুনর্বাসনের পেছনে সরকারের একটি অংশ সক্রিয়
ঝিনাইদহ প্রতিনিধি, এবিসিনিউজবিডি, (২৫ সেপ্টেম্বর): জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগকে দেশে পুনর্বাসিত করার পেছনে সরকারের ভেতরের একটি অংশ এবং প্রশাসনে থাকা পুরোনো চক্রের ইন্ধন রয়েছে। তিনি দাবি করেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন সতর্ক থাকার পরও নিষিদ্ধ দলের নেতাকর্মীরা কীভাবে ঝটিকা মিছিল করার সুযোগ পেল, তা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে দেখা উচিত।
আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ সাংগঠনিক সফরে এসে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
জামায়াতকে নিয়ে বিভিন্ন মহলের অভিযোগ প্রসঙ্গে গোলাম পরওয়ার স্পষ্ট জানান, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে জামায়াত সহযোগিতা করছে—সরকারের মন্ত্রী ও দায়িত্বশীল নেতাদের এমন দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তিনি এ ধরনের অভিযোগের উপযুক্ত প্রমাণ প্রকাশ করার জন্য সংশ্লিষ্টদের প্রতি প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে দেন। একই সঙ্গে সম্প্রতি বিভিন্ন স্থানে ঘটে যাওয়া রাজনৈতিক ঘটনাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের অন্যায়ভাবে মামলায় জড়ানো এবং গ্রেপ্তারের তীব্র নিন্দা জানান তিনি।
বর্তমান সরকারের বিভিন্ন নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সমালোচনা করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, রাষ্ট্র কোনো মুদিদোকান নয় যে এখানে কেবল লাভ ও লোকসানের হিসাব করা হবে। রাষ্ট্র হলো জনগণের সাংবিধানিক সেবামূলক প্রতিষ্ঠান, যা জনগণের দেওয়া কর ও রাজস্বের ওপর পরিচালিত হয়। মাত্র ছয় মাসের ব্যবধানে দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন, কৃষি, উৎপাদন ও বিপণন ব্যবস্থাসহ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন তিনি।
পলাতক শেখ হাসিনার বক্তব্য এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, বাংলাদেশের মানুষ বর্তমান অবস্থাকে নিরাপত্তাহীন মনে করছে না। বরং ভারতে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা চালানো এবং দেশটির সরকার থেকে সমর্থন পাওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। তিনি আরও বলেন, প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং পারস্পরিক মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শেখ হাসিনাকে নিজ দেশে আশ্রয় দিয়ে দিল্লি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ ও বন্ধুভাবাপন্ন আচরণ করছে না।
এর আগে সকালে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মিয়া গোলাম পরওয়ার। ওই অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ স্থানীয় জামায়াত ও অঙ্গসংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
