সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে
নিজস্ব প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (২০ সেপ্টেম্বর): সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর তাকে এবং তার প্রথম স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রাজধানীর ন্যাম ভবন থেকে বের হয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।
এর আগে একই দিন সন্ধ্যা ৭টার দিকে রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মরিয়ম ছিলেন এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী।
পুলিশ জানায়, খবর পেয়ে শেরেবাংলা নগর থানা পুলিশ, গোয়েন্দা শাখা (ডিবি) এবং অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে সিআইডি ও পিবিআই ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে। রাত ১০টার কিছু আগে একটি অ্যাম্বুলেন্সে করে মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ সময় একটি মাইক্রোবাসে করে সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকেও পুলিশের হেফাজতে নেওয়া হয়।
ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিসি ইবনে মিজান জানান, সন্ধ্যা ৭টার পরপরই তারা ন্যাম ভবনের ওই ফ্ল্যাটে একটি মরদেহ ঝুলার খবর পান। এরপর দ্রুত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম ঘটনাস্থলে পৌঁছে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে।
এটি হত্যা নাকি আত্মহত্যা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ তদন্ত সাপেক্ষে উদঘাটন করা হবে। এছাড়া ঘটনার সময় সংসদ সদস্য ও তার প্রথম স্ত্রী ফ্ল্যাটে উপস্থিত ছিলেন কি না, সে বিষয়েও তদন্তের স্বার্থে এখনই কিছু জানাতে রাজি হননি এই পুলিশ কর্মকর্তা।
মনোয়ারুল হক/
