ফিল্ড ফায়ারিংয়ে আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ সেপ্টেম্বর): চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনায় আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সিএমএইচে পৌঁছে তিনি চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ সংবাদমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
এ সময় হাসপাতালে একটি আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী আহত কর্মকর্তা ও তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের ধৈর্য ধারণের আহ্বান জানান এবং পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি, ওই কর্মকর্তার দ্রুত ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করেন তিনি।
এর আগে গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং এক্সারসাইজ চলাকালে ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় দুই সেনাসদস্য প্রাণ হারান এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সিএমএইচে স্থানান্তরিত করা হয়।
এই আকস্মিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এছাড়া, নিহত দুই সেনাসদস্যের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সরকারপ্রধান।
মনোয়ারুল হক/
