খালেদা জিয়ার ত্যাগ ও প্রেরণা বিএনপিকে পথ দেখায়: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), আলোকিত সময়, (১৫ আগস্ট) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সাবেক মহাসচিব এবং রাষ্ট্রপতি পদে দলটির মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মত্যাগ ও অনুপম প্রেরণা সবসময় বিএনপিকে সঠিক পথ প্রদর্শন করে।

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ‘গণতন্ত্রের মা’ ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল তাঁর বক্তব্যে বলেন, “আজ আমাদের জন্য একটি আনন্দের দিন। এই দিনে এমন এক নেত্রীর জন্ম হয়েছিল, যাঁর জীবন বাংলাদেশের ভাগ্য ও পরিচয়ের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি বারবার তাঁর আপসহীন নেতৃত্ব ও সংগ্রামের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছেন এবং বাংলাদেশকে সমৃদ্ধ করার প্রতিটি লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন।”

দীর্ঘ রাজনৈতিক লড়াইয়ের কথা স্মরণ করে তিনি আরও বলেন, যুগ যুগ ধরে চলা সংগ্রামের মধ্য দিয়ে বিএনপি আজ যে দৃঢ় গণতান্ত্রিক অবস্থান তৈরি করেছে, তাতে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগই প্রতিটি পদক্ষেপে দলটির জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হয়ে কাজ করছে।

দলটিকে একটি আধুনিক ও যুগোপযোগী গণতান্ত্রিক শক্তি হিসেবে রূপ দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, “আজকের এই পবিত্র দিনে আমরা সবাই শপথ নিচ্ছি যে, বিএনপিকে সত্যিকার অর্থেই একটি আধুনিক গণতান্ত্রিক দল হিসেবে গড়ে তুলব, যা ভবিষ্যতে পুরো দেশকে সফলভাবে নেতৃত্ব দিতে সক্ষম হবে।”

তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর জনগণের প্রত্যাশা বহুলাংশে বেড়ে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন এবং পরবর্তীতে তাঁর দলের পক্ষ থেকে দেওয়া ‘ভিশন ২০৩০’ ও ‘৩১ দফা’ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দল কাজ করে যাবে। এর মাধ্যমেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব চিরতরে অক্ষুণ্ন রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মির্জা ফখরুল মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন তিনি তাঁকে জান্নাত নসিব করেন। একই সঙ্গে তিনি দলের প্রতিষ্ঠাতা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামার করেও দোয়া প্রার্থনা করেন।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঞ্চালনায় দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আব্দুল মঈন খান।

মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী ওলামা দলের সদস্যসচিব মাওলানা আবুল হোসেইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সমাজকল্যাণবিষয়ক সহ-সম্পাদক কাজী আবুল বাশার।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ