শেখ মুজিবের মৃত্যুবার্ষিকীতে ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১৫ আগস্ট) : ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়ে ঢাকার ধানমন্ডির ৩২ নম্বরে নিজ বাসভবনে সপরিবারে নির্মমভাবে নিহত হন বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
ঠিক ৫১ বছর আগে ১৯৭৫ সালের সেই শুক্রবার ভোর ৪টা ১৭ মিনিট থেকে ৫টা ৫৫ মিনিট পর্যন্ত—দীর্ঘ ৯৮ মিনিট ধরে চলে এই নৃশংস হত্যাকাণ্ড। সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্যের এই হামলায় সেদিন প্রাণ হারান বঙ্গবন্ধু। তবে সে সময় বেলজিয়ামে অবস্থান করায় প্রাণে বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। একই ভোরে মিন্টো রোডের সরকারি বাসভবনে ১৩ জন সদস্যসহ নিহত হন বঙ্গবন্ধুর ভগ্নিপতি ও মন্ত্রী আবদুর রব সেরনিয়াবত। এছাড়া ধানমন্ডির আরেকটি বাড়িতে বঙ্গবন্ধুর ভাগ্নে ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক রাজনীতিক শেখ ফজলুল হক মনির সঙ্গে তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মনিকেও হত্যা করা হয়।
১৯৯৬ সালে ১৫ আগস্টকে জাতীয় শোক দিবস হিসেবে স্বীকৃতি দিয়ে সরকারি সাধারণ ছুটি ঘোষণা করেছিল তৎকালীন সরকার। তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ২০২৪ সালের আগস্টে এই সাধারণ ছুটি বাতিল করে।
একই সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া রাজনৈতিক দল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার। ফলে গত দুই বছরের মতো এবারও দলীয়ভাবে কোনো প্রকাশ্য কর্মসূচি পালন করতে পারছে না দলটি।
ইতিহাসের এই নির্মম দিনটির স্মরণকে কেন্দ্র করে আজ ধানমন্ডি ৩২ নম্বর ও এর আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মোতায়েন করা হয়েছে পুলিশ ও র্যাবের অতিরিক্ত সদস্য।
নিরাপত্তার অংশ হিসেবে ধানমন্ডি ৩২ নম্বরের মূল প্রবেশপথগুলোয় বসানো হয়েছে শক্ত ব্যারিকেড। এসব ব্যারিকেডের ভেতরে পুলিশ সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি তাৎক্ষণিকভাবে মোকাবিলা করতে প্রস্তুত রাখা হয়েছে একটি জলকামানও।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল থেকে এই এলাকায় ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর কোনো ঘটনা ঘটেনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাষ্যমতে, সকাল থেকে পুরো এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৩২ নম্বরের পশ্চিম পাশসহ পুরো এলাকাজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জোরালো উপস্থিতি রয়েছে। এছাড়া সাধারণ মানুষের চলাচল ও প্রবেশেও বাড়ানো হয়েছে বিশেষ নজরদারি।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। তখন থেকেই ভবনটি ব্যাপক ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে এবং সাধারণ মানুষের প্রবেশ সেখানে নিয়ন্ত্রিত রাখা হয়েছে। আজকের এই দিনটিকে কেন্দ্র করে সেই এলাকার নিরাপত্তা ব্যবস্থাকে আরও কঠোর করা হয়েছে।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, ১৫ আগস্টকে সামনে রেখে শুক্রবার (১৪ আগস্ট) দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ জোরদার করা হয়েছে। যেকোনো পরিস্থিতি কঠোরহস্তে মোকাবিলায় পুলিশ পুরোপুরি প্রস্তুত রয়েছে।
মনোয়ারুল হক/


