ক্রিশ্চিয়ানো রোনালদো-জর্জিনা রদ্রিগেজের প্রেম থেকে পরিণয়
বিনোদন ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১২ আগস্ট) : দীর্ঘ এক দশকের প্রেম এবং বাগদানের ঘোষণার ঠিক এক বছর পর অবশেষে আনুষ্ঠানিকভাবে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন বিশ্ব ফুটবলের মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং জর্জিনা রদ্রিগেজ। ফুটবল দুনিয়া ছাপিয়ে আধুনিক ক্রীড়াজগতের অন্যতম আলোচিত এই প্রেমকাহিনি এখন পূর্ণতা পেল বিয়ের মঞ্চে।
মাদ্রিদের একটি বিলাসবহুল রিটেইল স্টোরের আকস্মিক সাক্ষাৎ থেকে শুরু হওয়া তাদের সেই পথচলার গল্পটি রূপকথার মতো। ২০১৬ সালের জুনে মাদ্রিদের এক গুচি বুটিকে শপ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন জর্জিনা। তখন রিয়াল মাদ্রিদের হয়ে খেলা রোনালদোর বিশ্বজুড়ে আকাশচুম্বী জনপ্রিয়তা। প্রথম দেখাতেই তাদের মধ্যে বিশেষ আকর্ষণ তৈরি হয়, যা জর্জিনার মনে গভীর ছাপ ফেলেছিল। পরবর্তীতে একটি ব্র্যান্ড ইভেন্টে তাদের ফের দেখা হলে তারা একে অপরকে আরও কাছে থেকে জানার সুযোগ পান এবং সেখান থেকেই শুরু হয় সম্পর্কের গভীরতা।
শুরুতে সম্পর্কটি ব্যক্তিগত রাখতে চাইলেও গণমাধ্যমের কৌতূহলী দৃষ্টির কারণে তা বেশিদিন গোপন রাখা সম্ভব হয়নি। ২০১৬ সালের শেষ দিকে ডিজনিল্যান্ড প্যারিসে রোনালদোকে নিজেকে আড়াল করার চেষ্টা করতে দেখা যায়। এরপর ২০১৭ সালের শুরুতে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ এর মঞ্চে রেড-কার্পেটে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেন এই জুটি।
রোনালদোর পেশাদার ক্যারিয়ারের সঙ্গে পাল্লা দিয়ে বদলেছে তাদের ঠিকানাও। ২০১৮ সালে জুভেন্টাসে যোগ দেওয়ার সুবাদে তারা পাড়ি জমান ইতালির তুরিনে। পরবর্তীতে ম্যানচেস্টার ইউনাইটেড এবং সবশেষ সৌদি আরবের আল-নাসরে যোগ দেওয়ায় তাদের ঠিকানা বদল হতে হতে বর্তমানে তারা অবস্থান করছেন রিয়াদে।
সন্তানদের নিয়ে এই দম্পতি গড়ে তুলেছেন একটি ছিমছাম ও গোছানো পরিবার। রোনালদোর বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়র এবং সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া যমজ সন্তান ইভা ও মাতেওর সঙ্গে যুক্ত হন ২০১৭ সালের নভেম্বরে জন্ম নেওয়া আলানা মার্টিনা। পরবর্তীতে ২০২২ সালের এপ্রিলে জন্ম নেয় তাদের আরেক কন্যাসন্তান বেলা এসমেরাল্ডা।
তবে একই বছরের এপ্রিলে প্রসবের সময় যমজ পুত্রসন্তান অ্যাঞ্জেলকে হারানোর গভীর শোকও নেমে এসেছিল তাদের জীবনে। সেই মর্মান্তিক মুহূর্ত কাটিয়ে একে অপরের ও পরিবারের ভালোবাসায় শক্তি খুঁজে নেন তারা। বিয়ের আনুষ্ঠানিকতার আগেই রোনালদো বিভিন্ন সময় জর্জিনাকে ‘স্ত্রী’ বলে সম্বোধন করলেও, দীর্ঘদিনের সেই সম্পর্কে অবশেষে এল কাঙ্ক্ষিত আইনি ও সামাজিক স্বীকৃতি।
২০২৬ সালের ১১ আগস্ট, প্রায় ১০ বছরের দীর্ঘ পথচলার পর ক্রিশ্চিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। মাদ্রিদের সেই গুচি বুটিকের আকস্মিক মোলাকাত থেকে শুরু হওয়া সম্পর্কের পূর্ণতা পেল এক দশক পর এই মহিমান্বিত পরিণয়ে। সূত্র: এনডিটিভি
মনোয়ারুল হক/
