তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ আগস্ট) : সাধারণ শিক্ষার গণ্ডি পেরিয়ে কারিগরি দক্ষতায় বলীয়ান হয়ে তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে গড়ে ওঠার তাগিদ দিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
আজ রাজধানীর তেজগাঁওয়ের আলোকিতে ‘সেভ দ্য চিলড্রেন’ আয়োজিত দুই দিনব্যাপী আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে মন্ত্রী উল্লেখ করেন, বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে যুবসমাজকে বহুমুখী ট্রেডে প্রশিক্ষণ দিচ্ছে বর্তমান সরকার। যাদের ব্যবসা শুরুর পুঁজি বা আর্থিক সামর্থ্য নেই, তাদের বিশেষ ‘সিড মানি’ দেওয়া হচ্ছে। তাছাড়া, তরুণদের সৃজনশীল উদ্যোগকে বাস্তবে রূপ দিতে চলতি বাজেটে ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড বরাদ্দ রাখা হয়েছে।
আগামীর বাংলাদেশ বিনির্মাণের প্রধান কারিগর হিসেবে তরুণদের চিহ্নিত করে তিনি বলেন, সঠিক শিক্ষা ও কারিগরি দক্ষতায় উদ্ভাসিত হলে এ দেশের যুবসমাজ কেবল জাতীয় গণ্ডিতে নয়, বরং বিশ্বমঞ্চের মূল্যবান সম্পদে রূপ নেবে।
জনমিতিক লভ্যাংশ বা ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’-এর সঠিক সদ্ব্যবহারে প্রচলিত সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেন তিনি।
অধ্যাপক জাহিদ হোসেন আরও বলেন, একটি বৈষম্যহীন, অন্তর্ভুক্তিমূলক এবং মানবিক বাংলাদেশ গড়াই সরকারের মূল লক্ষ্য। এই লক্ষ্য পূরণে সমাজের প্রতিটি স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
অনুষ্ঠানের অন্যান্য আলোচকরা শ্রমবাজারের আধুনিক চাহিদার সঙ্গে সংগতিপূর্ণ দক্ষতা অর্জন এবং পেশাদার নেটওয়ার্ক প্রসারের ওপর বিশেষ জোর দেন।
তারা তরুণ প্রজন্মকে কেবল শিক্ষার্থী বা দক্ষ কর্মী হিসেবে সীমাবদ্ধ না রেখে—উদ্যোক্তা, দূরদর্শী নেতা, নীতিনির্ধারক এবং ইতিবাচক পরিবর্তনের অগ্রদূত হিসেবে নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।
‘সেভ দ্য চিলড্রেন’-এর কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য অধ্যাপক ড. সামসাদ মর্তূজা এবং নেদারল্যান্ডস দূতাবাসের কূটনীতিকসহ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থা, এনজিও, সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয়, বেসরকারি প্রতিষ্ঠান ও গণমাধ্যমের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মনোয়ারুল হক/
