কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (১২ আগস্ট) : দ্রুত পরিবর্তনশীল প্রযুক্তির যুগে তরুণ সমাজই নতুন সভ্যতার মূল চালিকাশক্তি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) আবির্ভাবের ফলে প্রতিদিন যে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে, পুরোনো জ্ঞান দিয়ে তা মোকাবিলা করা সম্ভব নয়। তাই তরুণদের হাতে সঠিক দক্ষতা তুলে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব।

বুধবার (১২ আগস্ট) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘আন্তর্জাতিক যুব দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

এবারের দিবসের প্রতিপাদ্য ছিল— ‘২০২৬- ডিফরেন্ট কনটেক্সটস, কমন অ্যাসপিরেশনস’। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আমিনুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে দেশি-বিদেশি অতিথি, তরুণ উদ্যোক্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার যুব প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তির উন্নয়ন যেমন আশীর্বাদ, তেমনি এটি নতুন চ্যালেঞ্জও নিয়ে এসেছে। জ্ঞানের বিবর্তন এত দ্রুত ঘটছে যে আগামীকালের পরিস্থিতি আগে থেকে অনুমান করা কঠিন।

তিনি আরও বলেন, তরুণদের সহজাত সক্ষমতা: জ্ঞান এখন আর স্থির নয়। পুরোনো প্রজন্মকে বুঝতে হবে যে, নতুন এই ইকোসিস্টেমে খাপ খাইয়ে নেওয়ার জৈবিক ও সহজাত ক্ষমতা তরুণদের মধ্যেই সবচেয়ে বেশি। কর্মসংস্থান, জলবায়ু পরিবর্তন ও প্রযুক্তিভিত্তিক নানা সংকট মোকাবিলায় তরুণদের উপযুক্ত জ্ঞান দেওয়ার প্রাতিষ্ঠানিক ব্যবস্থা এখনও বিশ্বব্যাপী পূর্ণাঙ্গ রূপ পায়নি। জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে এ বিষয়ে মূল নজর দিতে হবে।

সরকারের উদ্যোগের কথা তুলে ধরে জহির উদ্দিন স্বপন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার তরুণ সমাজের সক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখছে। ক্রীড়ার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের সম্পৃক্ত করতে সরকার সুদূরপ্রসারী ও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ