বিদেশে উচ্চশিক্ষা শেষে তরুণদের দেশে ফেরাতে কাজ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (৭ আগস্ট) : বিদেশে পড়াশোনা সম্পন্ন করে তরুণ প্রজন্ম যেন পুনরায় দেশে ফিরে উদ্যোক্তা হিসেবে জাতীয় উন্নয়নে অংশ নিতে পারে, সে বিষয়ে বর্তমান সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ফরেন অ্যাডমিশন অ্যান্ড ক্যারিয়ার কনসালট্যান্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ফ্যাড-ক্যাব) আয়োজিত ১৪তম আন্তর্জাতিক শিক্ষা এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বিগত ১৭ বছরে পূর্ববর্তী সরকারের সময়ে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত সুযোগ থেকে বঞ্চিত হয়েছে এবং শোষণের শিকার হয়েছে বলে অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেন, বর্তমান প্রশাসনের নীতিনির্ধারণী পর্যায়ে বহু ব্যক্তি রয়েছেন যারা বিদেশে উচ্চশিক্ষা অর্জন করে স্ব স্ব ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখছেন। সরকার চায় দেশের শিক্ষার্থীসমাজ উচ্চশিক্ষার জন্য বিদেশে যাক, তবে অর্জিত জ্ঞান ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে তারা যেন মাতৃভূমিতে ফিরে আসেন এবং দেশের অর্থনীতি, বিনিয়োগ খাত ও কর্মসংস্থান বৃদ্ধিতে সক্রিয় অবদান রাখেন। দেশের উন্নয়নে বিদেশে শিক্ষিত তরুণদের মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে চায় সরকার।
তিনি আরও উল্লেখ করেন, এই লক্ষ্য অর্জনে দেশে একটি নিরাপদ, বিনিয়োগবান্ধব ও কর্মসংস্থানমুখী অনুকূল পরিবেশ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে, যার ফলে বিদেশে পড়াশোনা শেষ করে তরুণরা দেশে ফিরে সফল উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে পারবেন এবং সরাসরি রাষ্ট্র গঠনে সম্পৃক্ত হতে পারবেন।
বর্তমান যুগে শিক্ষা কেবল ব্যক্তিগত উন্নতির মাধ্যম নয়, বরং এটি কূটনীতিরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার বলে জানান শামা ওবায়েদ। তিনি জানান, বিভিন্ন দেশের সঙ্গে শিক্ষা ও গবেষণাভিত্তিক অংশীদারত্ব জোরদার করার জন্য বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় নিরলস কাজ করে যাচ্ছে। পাশাপাশি, দেশের স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনের বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক সহযোগিতার পরিধি বাড়াতেও মন্ত্রণালয় কাজ করছে।
তিনি আরও বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিদেশে উচ্চশিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সমন্বয় আরও জোরদার করা হবে। শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে চলমান কার্যক্রমকে অধিকতর স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর করে তুলতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
মনোয়ারুল হক/
