ছুটির ভোরে বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৫ প্রাণহানি

নিউজ ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (৭ আগস্ট) : ছুটির দিনের প্রথম ভোরে বগুড়া ও সিলেটে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। শুক্রবার (৭ আগস্ট) সকালে মর্মান্তিক এসব দুর্ঘটনা ঘটে।

বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া সিল্কিবান্ধা এলাকায় ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বৈদ্যুতিক পিলারে সজোরে ধাক্কা দেয়। এ সময় সেখানে কাজের আশায় দাঁড়িয়ে থাকা শ্রমিকদের ওপর বাসটি উঠে গেলে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতদের মধ্যে ছয়জনের পরিচয় মিলেছে। তারা হলেন বগুড়ার বেলাল হোসেন, গাইবান্ধার আমিরুল ইসলাম, নূর আলম, ফয়জার রহমান, আবদুর রহিম এবং জয়পুরহাটের তাজমুল। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর বলে জানা গেছে।

অপরদিকে, একই দিন সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ও সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের সাতজন যাত্রী প্রাণ হারান। পরে গুরুতর আহত একটি শিশুকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হয়েছেন।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নেওয়ার পর বর্তমানে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তে আইনি প্রক্রিয়া চলমান আছে।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ