আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক (ঝিনাইদহ), এবিসিনিউজবিডি, (৩১ জুলাই) : আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো মূলত জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী উল্লেখ করেন, ইতিপূর্বে আইন সংস্কার কমিশনের প্রস্তাবনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকার ১৩৩টি অধ্যাদেশ জারি করেছিল, যার প্রায় সবগুলো সংস্কারই গ্রহণ করা হয়েছে। বাকি অধ্যাদেশগুলো সংশোধনের জন্য ইতোমধ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং জুলাই সনদের চেতনায় প্রয়োজনীয় সব সংস্কার সম্পন্ন করা হবে।
শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার দেশে ফেরা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী স্পষ্ট করেন যে, তিনি দেশে ফিরতে চাইলে সরকার আইন অনুযায়ী পদক্ষেপ নেবে।
তিনি বলেন, শেখ হাসিনা নিজেই দেশে আসার কথা বলেছেন এবং এলে তা ভালোই হবে। তবে তাকে অবশ্যই আদালতের মুখোমুখি হতে হবে এবং এক্ষেত্রে আইনগত কাঠামোর বাইরে সরকার বাড়তি কিছু করবে না।
অন্যদিকে, হবিগঞ্জে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলা প্রসঙ্গে মন্ত্রী জানান, বর্তমান সরকার যদি আইন, আদালত ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখত, তবে এ ধরনের মামলা হতো না। যেহেতু মামলা হয়ে গেছে, তাই ঘটনার যথাযথ তদন্ত সাপেক্ষে প্রকৃত দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ঝিনাইদহের এই উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, ঝিনাইদহ জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ বিশ্বাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মনোয়ারুল হক/
