বিচার বিভাগকে দুর্নীতিমুক্ত করতে নবীন আইনজীবীদের জোরালো ভূমিকার আহ্বান আইনমন্ত্রীর
চট্টগ্রাম ব্যুরো, এবিসিনিউজবিডি, (২৬ জুলাই) : বিচার বিভাগের সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নবীন আইনজীবীদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান।
রবিবার (২৬ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত নবীন আইনজীবীদের প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার সুরক্ষায় বিচার বিভাগ ও আইনজীবী সমাজের সমন্বিত ভূমিকা অত্যন্ত জরুরি। একজন আইনজীবীর মূল হাতিয়ার হওয়া উচিত মেধা, সততা ও পেশাগত নীতি। দুর্নীতির বিরুদ্ধে আপোশহীন থেকে বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষায় নবীনদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।’
দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা ও অতীত অনিয়মের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, ‘বিগত দেড় দশকের বেশি সময়ে দেশের অর্থপাচার ও মেগা প্রকল্পগুলোর দুর্নীতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। আন্তর্জাতিক সাময়িকী টাইম ম্যাগাজিনের সাম্প্রতিক তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি উল্লেখ করেন, গত ১৬ বছরে বাংলাদেশ থেকে প্রায় ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার অবৈধভাবে বিদেশে পাচার করা হয়েছে। পাচার হওয়া এই বিশাল অঙ্কের অর্থ উদ্ধার এবং দুর্নীতির পথ বন্ধে সরকার কঠোর অবস্থান নিচ্ছেন।’
আইনজীবীদের পেশাগত দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে অপরাধের ধরণ বদলেছে। তাই আধুনিক আইনি ব্যবস্থা ও তথ্যপ্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে নবীন আইনজীবীদের দক্ষ হয়ে উঠতে হবে।’
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সমিতির জ্যেষ্ঠ নেতারা, চট্টগ্রাম বারের আইনজীবী ও নতুন নিবন্ধিত শিক্ষানবিশ আইনজীবীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি তারিক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রামের জেলা ও দায়রা জজ কাজী আবদুল হান্নান, মহানগর দায়রা জজ মো. হাসানুল ইসলাম, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ.জি.এম. মনিরুল হাসান সরকার, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সোহাগ তালুকদার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা এবং বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডহক কমিটির সদস্য মোহাম্মদ নাজিম উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম।
মনোয়ারুল হক/
