এবারের বাজেট হবে জীবনবান্ধব ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক (ঢাকা), এবিসিনিউজবিডি, (২৯ জুন) : দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এবারের বাজেটকে অত্যন্ত সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী হিসেবে আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি আশা প্রকাশ করেছেন, এই বাজেট সব শ্রেণি-পেশার মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তির বার্তা নিয়ে আসবে।
সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, প্রস্তাবিত এই বাজেটটি মূলত ‘জীবনবান্ধব’। সরকার ইতিমধ্যে ৬১টি নিত্যপ্রয়োজনীয় পণ্যের শুল্ক প্রত্যাহার করে নিয়েছে, যার ইতিবাচক প্রভাব বাজারে দৃশ্যমান। সাধারণত বাজেট ঘোষণার পরপরই বাজারে যেভাবে দ্রব্যমূল্য বাড়ে, এবারই প্রথম তার ব্যতিক্রম ঘটেছে এবং পণ্যের দাম সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
দেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কথা স্বীকার করে সরকারপ্রধান বলেন, “আমরা নানামুখী সংকটকে যেমন অস্বীকার করতে চাই না, তেমনি সেগুলোকে অযুহাত হিসেবেও দাঁড় করাতে চাই না।” পূর্ববর্তী সময়ে দেশ থেকে ব্যাপক অর্থ পাচারের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে টান পড়েছিল, সে বিষয়টিও তিনি স্মরণ করিয়ে দেন।
সবশেষে দেশের বর্তমান রাজনৈতিক পরিবেশের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশে এখন একটি সুন্দর গণতান্ত্রিক ধারা তৈরি হয়েছে। তাই অতীতের নেতিবাচক বিষয়গুলোর দিকে না তাকিয়ে সবাইকে সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
মনোয়ারুল হক/
