ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

আন্তর্জাতিক ডেস্ক, এবিসিনিউজবিডি, (১৪ জুন) : ভারতীয় সেনাবাহিনীর শীর্ষ নেতৃত্বে বড় পরিবর্তন আসতে যাচ্ছে। দেশটির পরবর্তী সেনাপ্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ। বর্তমানে তিনি সেনাবাহিনীর উপ-প্রধান (ভিসিওএএস) পদে নিয়োজিত আছেন। ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র বরাতে জানা গেছে, গতকাল শনিবার (১৩ জুন) আনুষ্ঠানিকভাবে তার এই নতুন নিয়োগের বিষয়টি ঘোষণা করা হয়।

আগামী ৩০ জুন বিকেলে বর্তমান সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর মেয়াদ শেষ হওয়ার পর তাঁর স্থলাভিষিক্ত হবেন ধীরাজ শেঠ। এর আগে, চলতি বছরের ১ এপ্রিল তিনি উপ-সেনাপ্রধানের দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

ন্যাশনাল ডিফেন্স একাডেমির (এনডিএ) প্রাক্তণ এই শিক্ষার্থী ১৯৮৬ সালের ডিসেম্বরে সেনাবাহিনীর ‘আর্মার্ড কোর’-এ যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। প্রায় ৪০ বছরের বর্ণাঢ্য সামরিক জীবনে তিনি অসংখ্য গুরুত্বপূর্ণ অপারেশনাল ও কৌশলগত কমান্ডের নেতৃত্ব দিয়েছেন। বিশেষ করে সন্ত্রাসবাদ দমন ও অভ্যন্তরীণ বিদ্রোহ দমনে তাঁর রয়েছে ব্যাপক অভিজ্ঞতা।

ধীরাজ শেঠের ক্যারিয়ারের কিছু গুরুত্বপূর্ণ দিক:

  • কমান্ড নেতৃত্ব: মরুভূমিতে আর্মার্ড রেজিমেন্ট ও আর্মার্ড ব্রিগেড পরিচালনার পাশাপাশি জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে সফল নেতৃত্ব দিয়েছেন।
  • কোর কমান্ডার: লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি সেনাবাহিনীর অন্যতম মর্যাদাপূর্ণ ‘সুদর্শন চক্র কোর’-এর কমান্ডারের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ‘দিল্লি এরিয়া’র জিওসি হিসেবেও যুক্ত ছিলেন।
  • আর্মি কমান্ডার: বিরল এক রেকর্ডের অধিকারী হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি উইং—’দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কমান্ড’ ও ‘দক্ষিণাঞ্চলীয় কমান্ড’-এর প্রধান বা আর্মি কমান্ডার হিসেবে দায়িত্ব সামলেছেন।

আঞ্চলিক ভূ-রাজনীতিতে দ্রুত পরিবর্তন এবং ভারতীয় সেনাবাহিনীর আধুনিকায়নের এই ক্রান্তিলগ্নে ধীরাজ শেঠের মতো একজন অভিজ্ঞ ও রণকৌশলী কর্মকর্তার হাতে বাহিনীর নেতৃত্ব যাচ্ছে। প্রচলিত যুদ্ধবিদ্যা এবং কাউন্টার-ইন্সারজেন্সি (বিদ্রোহ দমন) অপারেশনে তাঁর অগাধ অভিজ্ঞতা আগামী দিনে ভারতীয় বাহিনীকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মনোয়ারুল হক/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook
ব্রেকিং নিউজ