উদ্বোধনী ম্যাচে ব্রাজিলের ড্র, হেক্সা জয়ের পথে বড় অশনি সংকেত!
ক্রীড়া ডেস্ক, এবিসিনিউজবিডি, ঢাকা (১৪ জুন) : হেক্সা মিশনের শুরুটা মোটেও সুখকর হলো না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। বহুল প্রতীক্ষিত উদ্বোধনী ম্যাচেই মরক্কোর কাছে পয়েন্ট হারাতে হলো সেলেসাওদের। হাই-ভোল্টেজ এই ম্যাচে শুরুতে পিছিয়ে পড়ে স্তব্ধ হয়ে গিয়েছিল ব্রাজিল শিবির। তবে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক গোল সাময়িকভাবে ম্যাচে সমতা ফিরিয়ে আনে। এরপর শত চেষ্টা করেও মরক্কোর রক্ষণব্যুহ ভাঙতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফলে ১-১ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।
বিশ্বকাপের ইতিহাসে এই নিয়ে চতুর্থবারের মতো নিজেদের প্রথম ম্যাচে জয়বঞ্চিত থাকলো লাতিন আমেরিকার এই পরাশক্তি। আর এই ড্রয়ের হাত ধরেই সামনে চলে এসেছে এক চরম অস্বস্তিকর পরিসংখ্যান।
সেই সঙ্গে সামনে এসেছে অস্বস্তিকর এক ইতিহাসও। পরিসংখ্যান বলছে, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ড্র করার পর কখনোই বিশ্বকাপ জিততে পারেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এবারের আগে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তিনবার ড্র করেছিল ব্রাজিল। ১৯৭৪ সালে যুগোস্লাভিয়ার সঙ্গে গোলশূন্য ড্র, ১৯৭৮ সালে সুইডেনের বিপক্ষে ১–১ এবং ২০১৮ সালে সুইজারল্যান্ডের সঙ্গে ১–১ গোলে সমতা। এই তিন আসরের একটিতেও শিরোপা ছুঁতে পারেনি তারা।
১৯৭৪ বিশ্বকাপে ব্রাজিল শেষ করেছিল চতুর্থ হয়ে। ১৯৭৮ সালে তৃতীয় স্থান পেলেও ট্রফির দেখা মেলেনি। আর ২০১৮ বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয়েছিল নেইমারদের।
অন্যদিকে ব্রাজিলের পাঁচটি বিশ্বকাপজয়ী অভিযানের দিকে তাকালে দেখা যায় ভিন্ন চিত্র। ১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২—প্রতিবারই প্রথম ম্যাচে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল সেলেসাওরা। পরে সেই আসরগুলোতেই শিরোপা জিতেছে তারা।
অবশ্য কাগজের পরিসংখ্যানে নয়, মাঠের পারফরম্যান্সেই ফলাফল নির্ধারিত হয়। এবারের আসরে কার্লো আনচেলত্তির শিষ্যরা কতদূর যেতে পারে এখন সেটাই দেখার বিষয়।
ড্র হওয়া ব্রাজিলের চার বিশ্বকাপের প্রথম ম্যাচ
| আসর | প্রতিপক্ষ | ফলাফল |
| ২০২৬ | মরক্কো | ১–১ |
| ২০১৮ | সুইজারল্যান্ড | ১–১ |
| ১৯৭৮ | সুইডেন | ১–১ |
| ১৯৭৪ | যুগোস্লাভিয়া | ০–০ |
মনোয়ারুল হক/
