অস্ট্রেলিয়াকে হারিয়ে টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়
ক্রীড়া প্রতিবেদক, এবিসিনিউজবিডি, ঢাকা (১১ জুন) : দীর্ঘ চার দশকের অপেক্ষার অবসান ঘটল মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে। ক্যাঙ্গারুদের অহংকার চূর্ণ করে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের নতুন মহাকাব্য লিখল বাংলাদেশ।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অজিদের ধরাশায়ী করে এক ম্যাচ বাকি থাকতেই এই ঐতিহাসিক গৌরব অর্জন করল মেহেদী হাসান মিরাজের দল।
ম্যাচটিতে বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত ও আগুনে বোলিংয়ের পর ব্যাটারদের চরম ধৈর্যশীল পারফরম্যান্সই মূলত এই অবিস্মরণীয় সাফল্যের পথ সুগম করেছে। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল-সবুজ প্রতিনিধিদের এমন দাপুটে সিরিজ জয় দেশের ক্রিকেট ইতিহাসে এক সোনালী অধ্যায় হিসেবে লেখা থাকবে।
বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। বৃষ্টি নামার আগে ৪২ ওভারে ১৮৭ রান তুলে সফরকারীরা। এরপর ওভার কমে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৯২ রান। তবে ব্যাটারদের দলগত পারফরম্যান্সে সেই লক্ষ্য টপকে ৫ উইকেটে ম্যাচ জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ।
এদিকে শুরুতে ব্যাট করতে নেমে কোনো রান না করেই লজ্জার রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। স্কোরবোর্ডে কোনো রান যোগ না করেই তিন উইকেট হারায় সফরকারীরা। ওয়ানডে ইতিহাসে ১০২৪ ম্যাচ খেলে এবারই প্রথম শূন্য রানে তিন উইকেট হারানোর নজির গড়ে জশ ইংলিসের দল।
ইনিংসের শুরুতে চাপ তৈরি করেন তাসকিন আহমেদ। টানা দুই ম্যাচে ম্যাথু শর্টকে আউট করেন তিনি। এরপর দ্বিতীয় ওভারে কুপার কনোলিকে লিটনের হাতে ক্যাচ বানিয়ে ফেরান মোস্তাফিজুর রহমান। একই ওভারে ম্যাট রেনশও আউট হন। পরে অ্যালেক্স ক্যারি কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অস্ট্রেলিয়া।
মনোয়ারুল হক/
