শ্রীপুরে ‘পুলিশ সুপার কাপ’ প্রীতি ফুটবল: চ্যাম্পিয়ন জেলা পুলিশ
নিজস্ব প্রতিবেদক (শ্রীপুর), এবিসিনিউজবিডি, (১১ জুন) : ক্রীড়া আনে সম্প্রীতি, ক্রীড়া আনে বল, চল সবাই খেলতে চল—এই চমৎকার বার্তা বুকে ধারণ করে মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল হাই স্কুল মাঠে সাড়ম্বরে সম্পন্ন হলো ‘পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ’। গ্রাম্য দাঙ্গা ও মাদক বিরোধী সচেতনতা বাড়াতে বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ ও স্থানীয় শ্রীপুর উপজেলাবাসীর যৌথ উদ্যোগে এই রোমাঞ্চকর প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় শ্রীপুর উপজেলা ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে জয়ের উল্লাসে মাতে মাগুরা জেলা পুলিশ ফুটবল একাদশ।
রেফারি সাদ্দাম হোসেন গোকীর বাঁশিতে খেলা শুরু হতেই আক্রমণ ও পাল্টা-আক্রমণে জমে ওঠে মাঠের লড়াই। দু’দলের চমৎকার ফুটবল শৈলী মাঠে উপস্থিত হাজার হাজার দর্শককে পুরো সময়জুড়ে বুঁদ করে রাখে। মাঠের এই টানটান উত্তেজনাকে মাইক্রোফোনের জাদুতে দর্শকদের মাঝে ছড়িয়ে দেন বাংলাদেশ বেতারের খ্যাতনামা ধারাভাষ্যকার প্রদ্যুত কুমার রায়।
এর আগে পায়রা ও রঙিন বেলুন উড়িয়ে এই জমকালো ফুটবল উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনার অতিরিক্ত রেঞ্জ ডিআইজি তোফায়েল আহমেদ। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, মাদক ও গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামা প্রতিরোধ করে গ্রামীণ জনপদে সৌহার্দ্যের বন্ধন অটুট রাখতেই এই নান্দনিক ফুটবল ম্যাচের আয়োজন। জেলা পুলিশ সবসময় সাধারণ মানুষের বন্ধু হয়ে সামাজিক যেকোনো ব্যাধি দূর করতে পাশে থাকবে।
মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বদরুল আলম হিরো এবং শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার আব্বাস উদ্দিন।
এছাড়াও উপস্থিত থেকে ম্যাচটি উপভোগ করেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খায়রুল হাসান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত আল নাহিয়ান। শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জোয়ার্দার আশরাফুল আলম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমান ও মোল্লা খলিলুর রহমান, সাবেক প্রচার সম্পাদক হেমায়েত হোসেন জঙ্গি। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন এবং উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
মনোয়ারুল হক/

